২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

বন্দরনগরী চট্টগ্রামের মোহরা এলাকা থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করার পর পুলিশ বলছে, তারা ডাকাত দলের সদস্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 11:55 AM

Updated : 22 Aug 2022, 08:05 PM

এরা হলেন- আবু সিদ্দিক (৩০) ও ছলিমা খাতুন (২৫)। সিদ্দিকের বিরুদ্ধে বাঁশখালী থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নগরীর চান্দগাঁও থানার এসআই আরিফুর রহমান জানান, শুক্রবার ভোররাতে চান্দগাঁও থানার পশ্চিম মোহরার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওই বাসা থেকে ছয়টি দেশি বন্দুক, একটি এলজি, ২৬টি শটগানের গুলি এবং রাইফেলের নয়টি কার্তুজ উদ্ধার করা হয়।

এসআই আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপনে খবর পেয়ে রাতে পশ্চিম মোহরা শুরিয়া বাড়ি এলাকার আবুল কালামের ভবনের নিচ তলায় অভিযান চালানো হয়।

ওই বাসা ভাড়া নিয়েছিলেন ছলিমার স্বামী জাকির হোসেন, যার বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী এলাকায় ডাকাতির বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।

"বাসায় বাইরে থেকে তালা লাগিয়ে জাকির ও সিদ্দিকসহ ছয়জন ভেতরে বসে বৈঠক করছিল। এ সময় দেয়াল টপকে পুলিশ ওই বাসায় প্রবেশ করে। কিন্তু টের পেয়ে জাকিরসহ অন্যরা পালিয়ে যায়।"

তবে জাকিরের স্ত্রী ছলিমা ও আবু সিদ্দিককে গ্রেপ্তার করা হয় বলে এসআই আরিফুর জানান।