২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ‘বন্ধু’র ছুরিতে স্কুলছাত্র নিহত

রাজধানীর মিরপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জের ধরে ‘বন্ধুদের’ ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 10:50 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

নিহত মো. রিয়ান খান (১৫) রূপনগর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছুরিকাঘাতে তার মৃত্যু হয় বলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মো. ইমতিয়াজ জানিয়েছেন।

এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিহতের ভাই হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই/তিন দিন আগে ব্যাডমিন্টন খেলা নিয়ে রূপনগর এলাকার সাগর, হৃদয় ও রাজনসহ কয়েক বন্ধুর সঙ্গে রিয়ানের কথা কাটাকাটি হয়।

“এর জের ধরে রূপনগরের আরিফাবাদ ও আরামবাগ এলাকা সংলগ্ন বালুর মাঠে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিয়ানকে বুকে ও পেটে ছুরি মারে ওরা।”

রাত সাড়ে ৮টার দিকে রিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

পিতৃহীন রিয়ান দুই ভাই, এক বোন ও মায়ের সঙ্গে রূপনগর টিনশেড এলাকার ৪ নম্বর সড়কের ৬৯ নম্বর বাড়িতে থাকতেন।

রিয়ানকে বাঁচাতে গিয়ে তার বন্ধু মো. সিরাজ ও মো. হাসিব আহত হয়েছেন। তাদের পেটে ছুরির কোপ লেগেছে। দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সিরাজ রূপনগর পাইলট উচ্চ বিদ্যালয় এবং হাসিব রূপনগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।