২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের ডাক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের

আগামী বছরের জানুয়ারিতে রাজধানীতে সমাবেশ ডেকেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 09:50 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, আগামী ২৩ জানুয়ারি দুপুর ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, “পাকিস্তানি আমলের মত স্বাধীন বাংলাদেশেও কখনো রাষ্ট্রিক এবং কখনো রাজনৈতিক ক্ষেত্রে অনুসৃত নিঃস্বকরণ প্রক্রিয়ায় সংখ্যালঘু জনগোষ্ঠীর অস্তিত্ব বহুমুখী সঙ্কটের মুখোমুখি।

“বিদ্যমান তীব্র বৈষম্যমূলক রাষ্ট্রীয় ব্যবস্থায়, অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতায় সংখ্যালঘুদের দেশত্যাগ আজও বন্ধ হয়নি। উপমহাদেশীয় রাজনীতিতে ‘দেশত্যাগীদের’ বিষয়টি ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে তাবৎ সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষা ও সঙ্কট থেকে উত্তরণের তাগিদ গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় অনুভুত হচ্ছে সর্বত্র।”

“এ তাগিদবোধ থেকেই মানবাধিকারকামী সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আগামী ২৩ জানুয়ারি মহাসমাবেশ আয়োজনের উদ্যোগ নিয়েছে,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য নিমচন্দ্র ভৌমিক, সাবেক সচিব হীরালাল বালা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কাজল দেবনাথ, আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং প্রমুখ।