২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকের বেতনের টাকা চুরি, উধাও নিরাপত্তাকর্মী

ঢাকার সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের দশ লাখের বেশি টাকা নিয়ে এক নিরাপত্তাকর্মী পালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 08:21 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

বৃহস্পতিবার হেমায়েরপুরের ‘টিন এজ মডার্ন ফ্যাশন লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া নিরাপত্তাকর্মীর মান্নান শিকদার হেমায়েতপুরের হাইকেয়ার সিকিউরিটি সার্ভিস লিমিটেডের কর্মী।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিব শংকর বনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকেয়ার সিকিউরিটি সার্ভিস কোম্পানির তিন কর্মী আব্দুল জলিল, আনিসুর রহমান ও মান্নান শিকদার রাতে কারখানাটির নিরাত্তার দায়িত্বে ছিলেন।

ভোরে মান্নান তার সহকর্মী জলিল ও আনিসুরকে ভাপা পিঠার সাথে নেশাদ্রব্য খাইয়ে অজ্ঞান করে কারখানার ভিতরে তালাবদ্ধ করে রাখেন।

পরে মান্নান শিকদার চারতলা কারখানাটির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে অফিসে প্রবেশ করে আলমারির তালা ভেঙ্গে শ্রমিকদের বেতনের টাকা চুরি করে পালিয়ে যান।

পরে সকালে কারখানা কর্তৃপক্ষ অজ্ঞান অবস্থায় অন্য দুই নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। তাদের জিজ্ঞাসাবাদে পিঠা খাওয়ার বিষয়টি জানা যায়।

টিন এজ মডার্ন ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খান জানান, ভোরে কারখানার নিরাপত্তা কাজে নিয়োজিত হাইকেয়ার সিকিউরিটি সার্ভিসের জলিল, আনিসুর রহমান ও মান্নান দায়িত্বে ছিলেন। সকালে কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা এসে মূল ফটকে তালা দেখে ভিতরে ঢোকেন।

পরে তালা ভেঙ্গে জলিল, আনিসুরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, আলমারিতে রক্ষিত নগদ দশ লাখ নয় হাজার টাকা চুরি হয়েছে। পলাতক রয়েছেন মান্নান শিকদার।

বিষয়টি সিকিউরিটি কোম্পানি হাইকেয়ার সিকিউরিটি সার্ভিসকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।