২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

বগুড়া শহরে দুইটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন, আহত হন বৃদ্ধ বেলুন বিক্রেতা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 07:27 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

বৃহস্পতিবার সূত্রাপুরে এ দুর্ঘটনার পর বেলুন বিক্রেতা আ. সালামকে (৭০) আটক করেছে পুলিশ।

নিহত রুকু (২২) সূত্রাপুর রিয়াজ কাজী লেনের মহাতাব চৌধুরীর ছেলে।

বগুড়া সদর থানার ওসি মো. আবুল বাসার জানান, সকাল ১০টার দিকে রিয়াজ কাজী লেনের বেলুন বিক্রেতা সালাম ৩টি সিলিন্ডারে গ্যাস তৈরির জন্য রাসায়নিক দ্রব্য দিয়ে সিলিন্ডারগুলো রাস্তার পাশে রেখে একটু দূরে দাঁড়িয়েছিলেন।

এক পর্যায়ে ওই রাস্তা দিয়ে রুকু হেঁটে যাওয়ার সময় হঠাৎ দুটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে রুকু নিহত হন এবং বেলুন বিক্রেতা সালাম আহত হন।

বিস্ফোরণে পাশে একটি ডায়াগনস্টিক সেন্টারের জানালার গ্লাস ভেঙে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গ্যাস সিলিন্ডারগুলোতে পানি দিয়ে ঠান্ডা করে।

ওসি জানান, বেলুন বিক্রেতা সালামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সূত্রাপুর এলাকার বাসিন্দা কাজল জানান, ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলুন বিক্রেতা সালামকে মারধর করে আটকে রাখে। পরে পুলিশ তাকে নিয়ে যায়।

কয়েকজন এলাকাবাসী জানান, এবার দিয়ে পরপর তিনবার ওই বাসায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

এই এলাকায় গ্যাস বেলুনের ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানান তারা।