রাইফেল লাপাত্তার মামলায় কারারক্ষী রিমান্ডে
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের অস্ত্রাগার থেকে রাইফেল খোয়া যাওয়ার ঘটনায় গ্রেপ্তার কারারক্ষী আরিফুল ইসলামকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
ফাইল ছবি
গত রোববার বিকালে কারাগারের অস্ত্রাগারে অস্ত্র গণনার সময় একটি চাইনিজ রাইফেল খোয়া যাওয়ার ঘটনা ধরা পড়ে। এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় কারাকর্তৃপক্ষ জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
বুধবার সকালে কারাগারের একটি পুকুর থেকে রাইফেলটি উদ্ধার করা হয়েছে।
অস্ত্র খুঁজে পাওয়ার পর বুধবার দুপুরে কারারক্ষী মো. আল আমিনকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা পুরস্কৃত করে কারাকর্তৃপক্ষ।
এ ঘটনা তদন্ত কমিটির প্রধান রাজশাহী বিভাগের ডিআইজি (প্রিজন) মো. বজলুর রহমান জানান, অস্ত্রের খোঁজ জানিয়ে মৌলভীবাজার জেলার একটি মোবাইল ফোন থেকে কারাগারের জেলার জান্নাতুল ফরহাদের মোবাইল ফোনে বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে একটি এসএমএস আসে।
বিষয়টি তদন্ত কমিটিকে জানানো হয়। পরে ওই বার্তার সূত্র ধরে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে অস্ত্রটির সন্ধানে কারাগারের চত্বরে ব্যারাকসংলগ্ন একটি পুকুরে ৫০ জন কারারক্ষীকে নামানো হয়। এক পর্যায়ে ওই পুকুরেই রাইফেলটি খুঁজে পান কারারক্ষী আল আমিন।
এরপর তদন্ত কমিটির প্রধান ডিআইজি বজলুর রহমান এবং হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মো. মিজানুর রহমান প্রত্যেকে ৫ হাজার করে আল আমিনকে মোট ১০ হাজার টাকা পুরস্কার দেন।
ডিআইজি বজলুর রহমান জানান, অস্ত্র উদ্ধারের পর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কর্মরত মৌলভীবাজার জেলার সকল কারারক্ষীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কারারক্ষী আরিফুল ইসলাম (২৫) ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
আরিফুল তার এক ভাগ্নের মোবাইলের মাধ্যমে ওই বার্তাটি পাঠানো হয়েছিল বলে তদন্ত কমিটিকে জানান।
পরে তাকে আটক করে বুধবার রাত সাড়ে ৯টার দিকে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়।
