টঙ্গীতে পাঁচ তুলার গুদাম ভস্মীভূত
গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার দুপুরে একটি বাজারের পাঁচটি তুলার গুদাম পুড়ে গেছে।
বৈদ্যুতি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
কো-অপারেটিভ মার্কেটের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু সাকের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মার্কেটের পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে স্পার্কিংয়ের স্ফুলিঙ্গ এসে তুলার উপর পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে তা ঝুট থেকে তৈরি ফিনিশিং তুলার গুদামে ছড়িয়ে পড়ে। এরপর আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আগুনে তার দুটি গুদাম ছাড়াও লিপন, জব্বার আলী, কনকের একটি করে মোট পাঁচটি তুলার গুদাম পুড়ে গেছে বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্তদের দাবি, দমকল কর্মীদের গাড়ি যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করলে তাদের বেশি ক্ষতি হতো না।
তারা বলেন, আগুন লাগার শুরুতেই টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর জানানো হয়। ঘটনাস্থল ফায়ার স্টেশনের অল্প দূরে থাকার পরও খবর দেওয়ার প্রায় আধাঘণ্টা পর তারা আগুন নেভাতে আসে। এ সময় তাদের গাড়িতে পর্যাপ্ত পানিও ছিল না। পরে তারা আবার স্টেশন থেকে পানির গাড়ি নিয়ে আসে। কিন্তু এরইমধ্যে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম “আগুন নেভানোর কাছে ব্যাস্ত আছি” বলে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।
