২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার করা মামলায় মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামে বন বিভাগের এক কর্মকর্তা মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, ছেলে তাকে হত্যার পরিকল্পনা করছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 04:13 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বুধবার গভীর রাতে বাকলিয়া শাহ আমানত হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

তার নাম সুজা উদ দৌল্লাহ তূষার (২০)। গত বছর খাগড়াছড়ির একটি স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি।

তুষারের বাবা শাহাদাৎ হোসেন চট্টগ্রাম কালুরঘাটের বন বিভাগের বন কর্মকর্তা।  

ছেলের কাছ থেকে রক্ষা পেতে শাহাদাৎ গত ৯ ডিসেম্বর আদালতে একটি মামলা করেন।  

বাদীর বরাত দিয়ে ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তূষার এসএসসি পাশের পর থেকে নেশাগ্রস্ত হয়ে পড়ে। বিভিন্ন সময়ে সে তার বাবাকে মারধর করে টাকা পয়সা আদায় করত, মায়ের স্বর্ণালংকারও চুরি করেছে।

তিনি আরো বলেন, “ছেলের কাছ থেকে রক্ষা পেতে শাহাদাৎ মঙ্গলবার আদালতে একটি মামলা করেন। মামলার বিষয়টি শুনে বুধবার রাতে তূষার তার বাবাকে হত্যার পরিকল্পণা করেন বলে তার বাবা জানিয়েছেন।”

শাহাদৎ হোসেন নিজেকে বাঁচাতে রাতে থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ বাসা থেকে তূষারকে গ্রেপ্তার করে।