পটুয়াখালীতে কোস্টগার্ডের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
পটুয়াখালীতে বাংলাদেশের উপকূলরক্ষা বাহিনীর (কোস্টগার্ড) একমাত্র ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র ‘অগ্রযাত্রা’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহর থেকে দুই কিলোমিটার দূরে পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পাশে ইটবাড়িয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকায় এই ঘাঁটির উদ্বোধন করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ৪৩ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে ২৩ দশমিক ৬৮ একর জমির ওপর এই ঘাঁটি নির্মাণ করা হয়েছে।
এ প্রশিক্ষণ ঘাঁটিতে ১৯টি ভবন ও সাতটি বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে বলে ‘অগ্রযাত্রা’র কমান্ডিং অফিসার রেজাউল হাসান জানিয়েছেন।
দুপুর ২টা ১০ মিনিটে হেলিকপ্টারে করে পটুয়াখালীতে পৌঁছান প্রধানমন্ত্রী।
এরপর ‘অগ্রযাত্রা’র প্যারেড গ্রাউন্ডে কোস্ট গার্ড সদস্যদের সালাম গ্রহণ করেন তিনি। পরে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন শেখ হাসিনা।
উপকূলীয় জেলেদের নিরাপত্তার পাশাপাশি নৌ ও সমুদ্র পথকে নিরাপদ রাখতে প্রশিক্ষিত কোস্ট গার্ড তৈরিতে এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী সার্ভার স্টেশনসহ আরো চারটি উন্নয়ন প্রকল্প এবং আটটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মধ্যাহ্নভোজ শেষে ঢাকার উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
