২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে গুলিতে যুবক নিহত, অস্ত্রসহ আটক ১

কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন, আহত হন একজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 03:21 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, বুধবার রাত ১০টার দিকে হোয়ানক ইউনিয়নের কেরুনতলী বাজারে এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে।

নিহত মো. সেলিম (২২) বড় মহেশখালীর মুন্সির ডেইল এলাকার বাসিন্দা ছিলেন। তার বুকে গুলি লেগেছিল।

গুলিবিদ্ধ নুরুল আবছারকে (২৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি কেরুনতলী এলাকায়।

আটক বেলাল মহেশখালী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছয়টি হত্যা ও অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ওই বাজারে চায়ের দোকানে ছিলেন সেলিম ও আবছারসহ অনেকে। এ সময় কিছু লোক এসে দুজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে ফেলে দোকানে থাকা লোকজন।

গুলিবিদ্ধদের হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

“এলাকাবাসী জানিয়েছে, বেলাল সন্ত্রাসী দল ‘আক্তার হামিদ বাহিনীর’ লোক। বাহিনী প্রধান হামিদ গত শতকের নব্বইয়ের দশকে জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযমের দেহরক্ষী ছিলেন,” বলেন ওসি।

পূর্ব বিরোধের জেরে ওই দুজনকে গুলি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।