ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন, আহত হন মহাসড়কে কর্তব্যরত এক পুলিশ সদস্য।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ গ্রামবাসী মহাসড়ক অবরোধ করে রাখায় প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ভালুকা থানার ওসি গোলাম সারোয়ার জানান, সকাল ৭টার দিকে উপজেলার ভরাডোবা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত লাল মাহমুদ (২৫) ভরাডোবা গ্রামের বাসিন্দা।
আহত পুলিশ সদস্য হযরতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
"এ সময় ট্রাকটি সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায় এবং ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক লাল মাহমুদ। ওই সময় সড়কে কর্তব্যরত পুলিশ সদস্য হযরত আহত হন।"
নিহত মাহমুদের বাড়ি ভরাডোবা গ্রামে, যেখানে মৃত্যুর খবর পৌঁছালে বিক্ষুব্ধ গ্রামবাসী এসে কাঠ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
ওসি গোলাম সারোয়ার আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে বিক্ষুদ্ধ গ্রামবাসীকে বুঝিয়ে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।
