রাষ্ট্রপতির কাছে দুই রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয় পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের এবং ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত আপো পলহো।
বুধবার বিকেলে দুই নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র জমা দেন।
দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি দল তাদের গার্ড অব অনার দেয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিচয়পত্র দেওয়ার সময় নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি ফ্রান্স ও বাংলাদেশের বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, এই সম্পর্ক দিন-দিন গভীর ও দৃঢ় হচ্ছে।
আবদুল হামিদ স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে ফ্রান্সের ভূমিকার প্রশংসা এবং একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের জনগণ, বিশেষ করে বুদ্ধিজীবীদের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
ফ্রান্সকে শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করে বাংলাদেশে আলিয়াঁস ফ্রঁসেজ’র ভূমিকার প্রশংসাও করেন রাষ্ট্রপতি।
এসময় দুই দেশের সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সোফি ওবের।
পরে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেন বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত আপো পলহো।
তাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ এবং ফিনল্যান্ড উভয়ই বৈশ্বিক জলবায়ু পবির্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। দুই দেশ এই চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করতে পারে।”
ছোট ও মাঝারি জাহাজ নির্মাণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করতে আপো পলহোকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
