রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
সম্প্রতি নেপাল ও মালয়েশিয়া সফর করে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে।
বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছানোর আগেই আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বঙ্গভবনে ঢোকেন।
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময়ও তারা উপস্থিত ছিলেন।
২ ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক বিদেশ সফরের বিষয়বস্তু রাষ্ট্রপতিকে জানান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম।
তিনি বলেন, “রাষ্ট্রপতি সফল সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।”
অষ্টাদশ সার্ক সম্মেলনে যোগ দিতে গত ২৫ নভেম্বর কাঠমান্ডু যান প্রধানমন্ত্রী। সেখান থেকে ২৮ নভেম্বর দেশে ফিরে ২ থেকে ৪ ডিসেম্বর মালয়েশিয়া সফর করেন তিনি।
রাষ্ট্রপতির আসন্ন ভারত সফর নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে প্রেসসচিব জানান।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে আগামী ১৮ ডিসেম্বর প্রতিবেশী দেশটিতে সফরে যাচ্ছেন আবদুল হামিদ।
