তামাকচাষ নিরুৎসাহিত করতে দেশে কোনো নীতিমালা নেই
তামাকচাষ নিরুৎসাহিত করতে কোনো বাংলাদেশে নীতিমালা না থাকায় সার ও সেচে কোটি কোটি টাকার সরকারি ভর্তুকির সুবিধা নিয়ে তামাক কোম্পানিগুলো মুনাফা লুটছে বলে অভিযোগ করেছে তামাক বিরোধী সংগঠনের জোট এন্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আত্মা’র পক্ষ থেকে এই অভিযোগ করা হয়, যাতে লিখিত বক্তব্য পাঠ করেন আত্মা’র সহ-আহ্ববায়ক নাদিরা কিরণ। সঞ্চালনা ও সূচনা বক্তব্য দেন আত্মা’র আহ্বায়ক রুহুল আমিন রুশদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত কয়েক দশকে অরক্ষিত কৃষকদের ব্যবহার করে তামাক কোম্পানিগুলো আগ্রাসিভাবে তামাকচাষ বাড়িয়ে চলেছে। সাময়িক মুনাফার প্রলোভনে পড়ে অনেক কৃষকই আগ্রহী হয়ে উঠছেন তামাক চাষে। আর এ বিষয়টি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন একটি নীতিমালা।
‘ভুক্তভোগী কৃষকের কণ্ঠস্বর: তামাকচাষ লাভজনক নয়, ক্ষতিকর লাভের প্রলোভন’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে তামাকচাষ প্রবণ এলাকা থেকে আসা কৃষক সমাজের প্রতিনিধি মো. আব্দুল বারী (কুষ্টিয়া), আব্দুস সালাম (বান্দরবান) ও আলম বাদশা (লালমনিরহাট) বক্তব্য রাখেন।
খাদ্য ও অর্থকরী ফসলের জমি চলে যাচ্ছে তামাকের দখলে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এখন কৃষক সমাজ ফুঁসে উঠতে শুরু করেছে। তারা তামাকের বিকল্প ফসলচাষে সরকারি সহায়তা লাভের দাবিতে মাঠে নেমেছে।
এরই অংশ হিসাবে কুষ্টিয়া, বান্দরবান ও লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে তামাকের বিকল্প ফসল চাষের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ কৃষকেরা।
তবে অনেকেই তামাক কোম্পানির প্রলোভনে পড়ে একসময় তামাকচাষ শুরু করলেও তামাকের নানাবিধ ক্ষতি বুঝতে পেরে এখন অন্য ফসল আবাদ করছেন সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে তামাকচাষের বহুমাত্রিক ক্ষয়-ক্ষতির দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর প্রফেসরিয়াল ফেলো এম আসাদুজ্জামান।
তিনি বলেন, “জিডিপির ১-২ শতাংশ খেয়ে ফেলছে এই তামাক, তাই তামাকচাষ নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়নের বিষয়টি নীতি-নির্ধারকদের উপলব্ধি করতে হবে।”
সংবাদ সম্মেলনে আত্মার পক্ষ থেকে তামাকচাষ-জনিত ক্ষয়ক্ষতি রুখতে রাষ্ট্রীয়ভাবে কৃষকদের তামাকের বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ ও সার্বিক সহযোগিতা দেয়া এবং তামাক কোম্পানির হস্তক্ষেপ মোকাবেলার বিধান সম্বলিত একটি কার্যকর তামাকচাষ নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়।
