‘ছোট কেরানীর সঙ্গে বৈঠকে ক্ষমতায় যাওয়া যাবে না’
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ছোট কেরানীদের সাথে বৈঠকে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যাবে না।
বুধবার চট্টগ্রামের এম এ আজিজ আউটার স্টেডিয়ামে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ছোট ছোট কেরানীরা রাতের আঁধারে দেখা করেছে আপনার (খালেদা জিয়ার) সাথে। তাদের সাথে বৈঠকে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যাবে না।
“ষড়যন্ত্র না করে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। সঠিক সময়ে নির্বাচন হবে। খালেদা জিয়া ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।”
গত ৪ ডিসেম্বর রাতে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে একদল সরকারি কর্মকর্তার বৈঠকের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও একে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় বিএনপি।
তবে সরকার ওই ঘটনাকে হালকাভাবে নেবে না জানিয়ে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
পরে মঙ্গলবার প্রতিমন্ত্রী জানান, খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মকর্তাদের ‘সনাক্ত’ করা হয়েছে।
গণপূর্তমন্ত্রী মোশাররফ বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী দল। জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্রের প্রয়োজন হয় না।
“তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবর হয়েছে। আপনি (খালেদা জিয়া) নির্বাচনের ট্রেন মিস করেছেন। সুতরাং, পরবর্তী ট্রেন না আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে।”
তিনি বলেন, “দেশে মাথা পিছু আয় এখন ১১৯০ ডলার পৌঁছেছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। শুধু তাই নয়, দেশের খাদ্য চাহিদা মিটিয়ে বাংলাদেশ এখন বাইরে চাল রপ্তানি করছে।”
বিএনপি দেশকে ‘জঙ্গি উৎপাদনের উর্বর ক্ষেত্র’ বানিয়েছে অভিযোগ করে মোশাররফ বলেন, “গত ছয় বছরে জঙ্গি নির্মূল করে ইউরোপ, আমেরিকার প্রশংসা পেয়েছে বর্তমান সরকার। বিএনপি আমলে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র তিন হাজার মেগাওয়াট। আর বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৪ হাজার মেগাওয়াট।
“২০২০ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুত পৌছে দেয়ার মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এসময়ের মধ্যে বিদ্যুত উৎপাদন হবে ২৪ হাজার মেগাওয়াট।”
বিজয় মেলা উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সড়কের মোড়ে বিজয় শিখা প্রজ্জ্বলন করেন মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, “ছাব্বিশ বছর আগে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এ মেলা শুরু করেছিলাম। রক্ত দিয়ে কেনা স্বাধীনতা কোন অপশক্তির কাছে বৃথা যেতে দেব না।”
আউটার স্টেডিয়ামে আয়োজিত বিজয় মেলা শুরু হয় ১ ডিসেম্বর। বুধবার বিজয় শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ উপচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
