চালকের ‘তন্দ্রার’ সঙ্গে ট্রেনের গতি ছিল ‘বেশি’
স্টেশনে নির্ধারিত সীমার চেয়ে ‘বেশি গতিতে’ চলতে থাকা মহানগর প্রভাতী লাইন ছেড়ে প্ল্যাটফর্মে উঠে পড়ে বলে রেল কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন।
বুধবার সকালে চট্টগ্রামে এ দুর্ঘটনার সময় স্টেশনে লোক সমাগম কম থাকায় দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তারা।
ট্রেনটি স্টেশনে ঢোকানোর সময় চালক ‘তন্দ্রাচ্ছন্ন’ থাকায় গতি নিয়ন্ত্রণ করতে পারেননি বলে মনে করছেন রেল কর্মকর্তারা।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) মুরাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চালক তন্দ্রাচ্ছন্ন থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি।”
এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে তিন রেল কর্মচারীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত এবং ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল মহানগর প্রভাতীর।
তার আগে সকাল সাড়ে ৫টার দিকে মাত্র কয়েক কিলোমিটার দূরের দেওয়ানহাটের মার্শালিং ইয়ার্ড থেকে ট্রেনটি স্টেশনে টেনে আনছিল একটি সান্টিং ইঞ্জিন।
নাম প্রকাশ না করে রেল স্টেশনের দায়িত্বে থাকা কয়েক কর্মকর্তা-কর্মচারী জানান, স্টেশন এলাকার জন্য নির্ধারিত ১৬ কিলোমিটারের গতিসীমার বেশি গতিতে চলছিল ওই ট্রেনটি।
তারা জানান, ট্রেন প্রটেকশন মার্ক (রেল লাইনের শেষ সীমা) থেকে কমপক্ষে দেড়শ ফুট এবং ফাউলিং মার্ক (দাঁড়ানোর নির্ধারিত স্থান) থেকে কয়েক ফুট দূরে দাঁড় করাতে হয়।
কিন্তু দ্রুত গতিতে এগিয়ে আসা মহানগর প্রভাতী প্রথমে ফাউলিং লাইন (সতর্কীকরণ অবস্থান) অতিক্রম করে। এরপর দ্রুত গতি সামাল দিতে না পেরে ক্রসওভার (দুই লাইনের মধ্যবর্তী ট্রেন স্থানান্তরের স্থান) ধরে পাঁচ নম্বর লাইনে ঢুকে পড়ে।
মহানগর প্রভাতীর জন্য নির্ধারিত ছিল ছয় নম্বর লাইন। ট্রেনটি ক্রসওভার করার সময় পাঁচ নম্বর লাইনে দাঁড়ানো ছিল ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস ট্রেনটি।
পরে ট্রেনটি প্রটেকশন মার্ক অতিক্রম করে আরো প্রায় ৫০ ফুট এগিয়ে যায়। সবশেষে কয়েক ফুট উঁচু পাকা সীমানা ডিঙ্গিয়ে ট্রেন উঠে পড়ে প্ল্যাটফর্মে।
স্টেশন ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, চট্টগ্রাম রেল স্টেশনের ইয়ার্ড রি-মডেলিং প্রকল্পের অংশ হিসেবে সংস্কার কাজ চলায় প্রটেকশন মার্কটি অস্থায়ীভাবে তৈরি করা হয়।
প্ল্যাটফর্মে ওঠার পর মেঝে ভেঙে এগিয়ে যেতে থাকে ট্রেনের ইস্পাতের চাকা। ভবনের সাথে ধাক্কা খেয়ে অবশেষে থেমে যায় মহানগর প্রভাতী।
ততক্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইঞ্জিন আর সামনের দিকের একটি বগি। প্ল্যাটফর্মের কাঁচের তৈরি প্রবেশ পথের কাঠামো ভেঙে পড়ে।
তবে গতির বিষয়ে ডিআরএম মুরাদ হোসেন বলেন, “নিয়ম অনুসারে ইঞ্জিনে সান্টিং ইঞ্জিনের চালক ও সহকারী লোকো মাস্টার দুজনই থাকার কথা। এর পাশাপাশি অতিরিক্ত গতির বিষয়টিও তদন্ত করা হচ্ছে।”
রেলের কয়েকজন কর্মকর্তা জানান, নিয়ম অনুসারে চট্টগ্রাম রেল স্টেশনে মঙ্গলবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সান্টিং ইঞ্জিন চালানোর দায়িত্বে ছিলেন লোকো মাস্টার (চালক) এ কে এম জহুরুল হক ও সহকারী লোকো মাস্টার ইমরান হোসেন।
নির্ধারিত সময়ের মধ্যে তারা ঢাকাগামী তূর্ণা নিশিথা, চট্টগ্রাম ফেরত সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলী, চট্টলা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের সান্টিং করেন।
এ ঘটনায় বরখাস্ত তিন জন হলেন- সান্টিং ইঞ্জিনের চালক এ কে এম জহুরুল হক, সহকারী লোকো মাস্টার ইমরান হোসেন ও পয়েন্টস ম্যান মো. জাহাঙ্গীর।
