প্ল্যাটফর্মে ট্রেন: দুই তদন্ত কমিটি, বরখাস্ত ৩
রেললাইনের নির্ধারিত সীমা পার হয়ে আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে পড়ার কারণ খুঁজতে দুটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ।
এ ঘটনায় শান্টিং ইঞ্জিনের চালকসহ তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মুরাদ হোসেন।
সাময়িক বরখাস্তরা হলেন- শান্টিং ইঞ্জিনের চালক একেএম জহুরুল হক, সহকারী লোকোমাস্টার ইমরান হোসেন ও পয়েন্টস ম্যান মো. জাহাঙ্গীর।
বুধবার ভোরে ঢাকায় যাত্রার আগে যাত্রী নিতে চট্টগ্রাম স্টেশনে ঢুকেই দুর্ঘটনায় পড়ে মহানগর প্রভাতী। ‘মার্শাল ইয়ার্ড’ থেকে প্ল্যাটফর্মে আসার পর নির্ধারিত জায়গায় না থেমে শেষ সীমা পার হয়ে ট্রেনের শান্টিং ইঞ্জিন ও দুটি বগি প্ল্যাটফর্মে ঢুকে পড়ে।
ইস্পাতের চাকায় প্ল্যাটফর্মের মেঝে ভেঙেচুড়ে ট্রেনটি একেবারে যাত্রীদের প্রবেশ পথ পর্যন্ত চলে যায়। প্ল্যাটফর্মের প্রবেশ পথ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবনের কাঠামোতে ধাক্কা লেগে ইঞ্জিনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
শান্টিং ইঞ্জিনের চালক একেএম জহুরুল হক ভোরে পাহাড়তলীর ‘মার্শাল ইয়ার্ড’ থেকে ১৬টি কোচের এই ট্রেনটি চালিয়ে চট্টগ্রাম স্টেশনে আসেন। ইমরান ও জাহাঙ্গীরও ওই সময় দায়িত্বে ছিলেন।
চালক তন্দ্রাচ্ছন্ন থাকায় এ ঘটনা ঘটেছে বলে রেল কর্মকর্তারা জানান।
চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি হয়েছে।
এর মধ্যে পূর্বাঞ্চল রেলের করা কমিটির নেতৃত্ব দেবেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতেখার। এতে সদস্য হিসাবে থাকছেন বিভাগীয় যন্ত্র প্রকৌশলী সাইফুল ইসলাম, সংকেত প্রকৌশলী সমীক শাওন ও বিভাগীয় প্রকৌশলী (১)।
আর সদর দপ্তর থেকে করা অন্য কমিটির সদস্যরা হলেন- অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রাশেদা সুলতানা গণি, অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী আহামেদ মাহবুব চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংকেত ও টেলি কমিউনিকেশন) মো. মাঈনুল ইসলাম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) মফিজুর রহমান।
দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া যাবে বলে রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) মফিজুর রহমান আশা প্রকাশ করেছেন।
