প্রতিবন্ধীকে ধর্ষণে যাবজ্জীবন
মাদারীপুরে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডিত ফরিদ মাদারীপুরের কালকিনী থানার বাঁশবাড়ী গ্রামের আশ্রয়ন প্রকল্পের মো. ফারুক আকনের ছেলে। তিনি পলাতক আছেন।
মামলায় বলা হয়, ২০১১ সালের ১২ অগাস্ট ফরিদ বিয়ের প্রলোভন দেখিয়ে ওই গ্রামেরই বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন।
১৫ অগাস্ট কালকিনি থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই বছরের ৪ অক্টোবর ওই থানার উপ-পরিদর্শক মো. ফারুক ফরিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
একই বছরের ৪ নভেম্বর মামলাটি বিচারের জন্য ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
১২ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন বলে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর তাসলিমা আক্তার দীপা জানান।
