২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবাধিকার রক্ষায় সরকারকে শক্ত হতে হবে’

মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে রাষ্ট্রকেই প্রথম শক্ত অবস্থান নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 05:51 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বুধবার রাজশাহীতে দুই দিনব্যাপী মানবাধিকার মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, একজন নির্যাতিত মানুষ প্রতিবাদ জানাবে। তার পক্ষে আরও মানুষ কথা বলে। সে কথাগুলো সরকারকে শুনতে হবে। ব্যবস্থা নিতে হবে। আর সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে নির্যাতন জুলুম চলবেই।

তিনি অভিযোগ করেন, আদিবাসীরা প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। সভা, সমাবেশ, সেমিনার, মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ হয়। এসব কর্মসূচিতে বিজ্ঞ ব্যক্তিরাও বক্তৃতা করেন। কিন্তু কেউ শোনেন না।

আন্তর্জাতিক মানিবাধিকার দিবস উপলক্ষে অক্সফাম ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা রাজশাহীতে এ মেলার আয়োজন করে আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা।

সকালে রাজশাহী সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন হাসান আজিজুল হক।

উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে আদিবাসী সাস্কৃতিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজকুমার শাওয়ের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান হয়।  

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল, অক্সফামের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর এমবি আকতার প্রমুখ।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর আইন সহায়তা কেন্দ্র (আসক) নগরীতে শোবাযাত্রা ও সমাবেশ করেছে।

নগরীর ভুবন মোহন পার্ক থেকে শোভাযাত্রা বের করে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।