২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজ মামুনের ছবি সার্ক সেরা

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের এ বছরের সেরা তিনটি ফটোগ্রাফির তালিকায় স্থান পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান আলোকচিত্রী মুস্তাফিজ মামুনের একটি ছবি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 05:38 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

বুধবার সার্ক কালচারাল সেন্টার বছরের সেরা ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

মুস্তাফিজ মামুনের তোলা সুন্দরবনে মধু সংগ্রহের একটি ছবি প্রতিযোগিতায় প্রথম হয়েছে। ‘মধু সংগ্রাহক’ শিরোনামের ওই ছবির পরে স্থান হয়েছে নেপালের নারায়ণ মহারঞ্জনের ‘ক্লাউডস অব ডেভোটিজ’ এবং ভারতের অনিল রিসাল সিংয়ের ‘গোল্ডেন গঙ্গা’ শিরোনামের আলোকচিত্রের।

প্রতিযোগিতায় সেরা তিন ছবির পাশাপাশি ‘উচ্চ প্রশংসনীয়-হাইলি কমেনডেড’ হিসেবে দুটি এবং ‘উল্লেখযোগ্য’ হিসেবে ১৫টি আলোকচিত্র নির্বাচন করেছে সার্ক কালচারাল সেন্টার।

দ্বিতীয় ধাপে নির্বাচিত দুটি আলোকচিত্রই মুস্তাফিজ মামুনের। সাতক্ষীরার শ্যামনগরে পানি নিয়ে ফেরা গৃহিণীদের অনুসরণ করে ঘরে ফেরা হাঁসের ছবি ‘ফলো’ এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আম বাজারের ছবি ‘কানসাট আম বাজার’ নির্বাচকদের দৃষ্টিতে ‘উচ্চ প্রশংসনীয়’ ছবির মর্যাদা পেয়েছে।

এছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার কয়েকজন আলোকচিত্রীর ১৫টি ছবি ‘উল্লেখযোগ্য’ হিসেবে নির্বাচিত হয়েছে।

গত ৮ ডিসেম্বর সার্ক সনদ দিবসে শ্রীলঙ্কার কলম্বোয় সার্ক কালচারাল সেন্টারে নির্বাচিত ছবিগুলোর প্রদর্শন হয়।

সেরা তিন ফটোগ্রাফির জন্য আলোকচিত্রীদের পুরস্কার হিসেবে অর্থ ও সনদ দেওয়া হবে। আর অন্য ছবিগুলোর জন্য সনদ পাবেন আলোকচিত্রীরা।

মুস্তাফিজ মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তরের পর সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি-পাঠশালা থেকে আলোকচিত্রে ডিপ্লোমা ডিগ্রি নেন। আলোকচিত্রে তার হাতেখড়ি ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটিতে।

২০০৭ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কর্মরত এই আলোকচিত্রী আগে দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন।

ছবি তোলার পাশাপাশি ভ্রমণ বিষয়ক লেখালেখি করেন মামুন। এ সংক্রান্ত ‘দেখুন বাংলাদেশ’, ‘দেখুন সুন্দরবন’ ও ‘দেখুন সমুদ্র সৈকত’ শিরোনামে তিনটি বই রয়েছে তার।

ঢাকায় বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ ছাড়াও ন্যাশনাল জিওগ্রাফিকে, আশাহি শিম্বুন ও রিডার ডাইজেস্টসহ বিভিন্ন প্রকাশনায় তার ছবি এসেছে।