শিক্ষককে প্রহার: কুড়িগ্রামে ৭ কলেজে ধর্মঘট
কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মিজানুর রহমানের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা শহরের সাতটি কলেজে ছাত্র ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
সাধারণ ছাত্র পরিষদের ডাকে এ কর্মসূচি চলাকালে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-চিলমারী ও কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের সাতটি স্থানে অবরোধ করা হয়।
গত বুধবার (৩ ডিসেম্বর) একদল ছাত্র কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মিজানুর রহমানকে মারধর করেছে। ওই ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে ওই কলেজের শিক্ষকরা গত শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট করে আসছেন। ফলে কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভকেশনাল মোড়ে, মজিদা কলেজের শিক্ষার্থীরা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নতুন রেলওয়ে স্টেশন এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়ক, খলিলগঞ্জ কারিগরি কলেজের শিক্ষার্থীরা নতুন রেল স্টেশন থেকে কলেজ রোড সড়ক, কাঁঠালবাড়ি কলেজের শিক্ষার্থীরা রংপুর-কুড়িগ্রাম সড়ক এবং পাটেশ্বরী কলেজের শিক্ষার্থীরা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক অবোরোধ করে।
অবরোধকালে বক্তব্যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে সকল শিক্ষা প্রতিষ্ঠান অচলসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কলেজ মোড়ের সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের দিলরুবা পাখি, ইংরেজি বিভাগের শাহ আলম কবির শান্ত, ব্যবস্থাপনা বিভাগের মনির হোসেন, ফরহাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জুয়েল রানা, ফিরোজশাহী, জীবন, ফিরোজ, ইতিহাস বিভাগের আব্দুল মতিন, বুলবুল আহমেদ প্রমুখ।
সদর থানার ওসি আব্দুল বাতেন মিয়া জানান, শিক্ষকের উপর হামলার ঘটনায় আবু সাঈদ, মামুনুর রশিদ ও আবু তাহের নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান আসামি রমজানকে আগামী দুদিনের মধ্যে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেওয়ায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়।
কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম জানান, গত ৩ ডিসেম্বর দুপরে প্রভাষক মিজানুর রহমানকে জোরপূর্বক ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস সেফ ক্যাম্পাস’ এর ফরম পূরণ করতে বলে একদল ছাত্র। এতে রাজি না হওয়ায় রমজান আলীর নেতৃত্বে ৪/৫ জন ক্যাডার তাকে বেদম মারধর করে। এ কারণে ওই শিক্ষককে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হলেও আসামিকে গ্রেপ্তার করা যায়নি।
