হরতালে সহিংসতার মামলায় সোহেল-টুকুর বিচার শুরু
হরতালে গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলায় বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ১৩ জনের বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মাহাবুবুর রহমান বুধবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১০ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. হেমায়েত উদ্দিন খান হীরন এ তথ্য জানিয়েছেন।
অভিযুক্ত অপর আসামিরা হলেন- জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম আলীম, মিজানুর রহমান, মো. আউয়াল, ওমর ফারুক, মো. কামাল, আবু সুফিয়ান, রিপন, দেলোয়ার, হেলাল ও মোকলেসুর।
মামলায় বলা হয়েছে, ২০১০ সালের ১৩ নভেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় হরতাল সমর্থকদের মিছিল থেকে গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়া হয়।
এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসেন মামলাটি করেন।
রমনা থানার ওসি ২০১১ সালের ২৭ অগাস্ট মামলায় হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকুসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
এদিন আদালতে আসামিদের অভিযোগ পড়ে শোনানো হলে তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন।
পল্টনে বিস্ফোরণের মামলা
এদিকে নয়া পল্টনে বিএনপি অফিসের সামনে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের একটি মামলায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৪৩ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৬ জানুয়ারি দিন রেখেছে আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের হাকিম তারেক মাঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে বুধবার সাক্ষ্য দেন মামলার বাদী পল্টন থানার সহকারী পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী। তার সাক্ষ্য শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৬ জানুয়ারি দিন রাখা হয়।
২০১২ সালের ২ অক্টোবর বিএনপি কার্যালয়ের সামনে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন এসআই ইদ্রিস আলী।
২০১২ সালের ১০ অক্টোবর পল্টন থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর ভুঁইয়া যুবদল নেতা আলাল ও টুকুসহ ছাত্রদলের তৎকালীন সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
চলতি বছর ৩০ জুন ঢাকা মহানগর হাকিম তারেক মাঈনুল ইসলাম ভূঁইয়া তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
