নবাবগঞ্জে নৈশ প্রহরীর লাশ উদ্ধার
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বুধবার একটি বেসরকারি প্রতিষ্ঠানের নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, সকালে সমসাবাদ এলাকার আকিজ কোম্পানির অফিসকক্ষে লাশটি পাওয়া যায়।
নিহত মো. হানিফ (৪৫) ওই প্রতিষ্ঠানে নৈশ প্রহরীর কাজ করতেন। তার বাড়ি উপজেলার ভাওয়ালিয়া গ্রামে।
“তার গলায় পাটের রশি জড়ানো ও নাকে রক্তের দাগ ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।”
এসআই আযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে হানিফ অফিসে দায়িত্ব পালন করছিলেন। সকালে কোম্পানির কর্মকর্তারা এসে অফিসের গেইট খোলা দেখেন। পরে ভিতরে ঢুকে হানিফের লাশ দেখতে পান।
লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
