২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থিতাদেশ নিয়ে চট্টগ্রামের মেয়রের বাংলোয় ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে পাহাড় কেটে সিটি করপোরেশনের (সিসিসি) মেয়রের জন্য নির্মাণাধীন বাংলোর নির্মাণ কাজ স্থগিত রাখার আদালতের আদেশ বাংলোটিতে পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 04:01 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বুধবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহদাত হোসেন আদেশের বিষয়টি জানাতে নগরীর টাইগার পাস এলাকায় পাহাড়ের ওপর নির্মাণাধীন বাংলোয় যান।

ম্যাজিস্ট্রেট শাহদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে কেয়ারটেকার ছাড়া কেউ নেই। আমরা আদালতের আদেশের বিষয়টি জানিয়েছি।

“আদালত এক সপ্তাহের জন্য বাংলো নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। সেখানে কয়েকটি পিলার দেখেছি। তবে কোনো কাজ চলছিল না।”

গত ৪ ডিসেম্বর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা একটি রিটে শুনানি নিয়ে গত রোববার হাই কোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এক সপ্তাহের জন্য নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা রাখার নির্দেশ দেন।

টাইগার পাস এলাকায় রেলওয়ের মালিকানাধীন ওই পাহাড়টি নিলামে কেনার পর গত বছর মেয়রের বাংলো নির্মাণের উদ্যোগ নেয় সিটি করপোরেশন।

সেখানে আড়াই তলা ভবন নির্মাণে পাঁচ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ করে সিটি করপোরেশন।

এরপর গত বছরের ৩ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড় কেটে বাংলো নির্মাণের অভিযোগে আদালতে প্রথম একটি রিট আবেদন করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

রিটের প্রেক্ষিতেও ওই বছরের ৭ অক্টোবর আদালত পাহাড় কেটে বাংলো নির্মাণ কাজে স্থিতাবস্থার আদেশ দিয়েছিল।

পরে এ বছরের ৪ জুন আপিল বিভাগ ‘বাংলো নির্মাণ করতে হলে পরিবেশ অধিদপ্তরসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে’ মর্মে নির্দেশনা দিয়ে রিট আবেদনটি খারিজ করে দেয়।

এরপর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আবেদন করে চট্টগ্রাম সিটি করপোরেশন। কিন্তু অনুমতি পাওয়ার আগেই আবার বাংলোর কাজ শুরু করায় দ্বিতীয়বারের মতো রিট করে সংস্থাটি।