রাজশাহী কলেজের সেই বাসচালক গ্রেপ্তার
রাজশাহী কলেজের তিন ছাত্রীর মৃত্যুর জন্য দায়ী দুর্ঘটনাকবলিত ওই কলেজ বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর মেহেরচণ্ডী বটতলা মোড় থেকে আব্দুর রাজ্জাককে (৪৫) গ্রেপ্তার করা হয়।
আব্দুর রাজ্জাক মেহেরচণ্ডী দক্ষিণপাড়ার আব্দুর রউফের ছেলে।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার আব্দুর রাজ্জাক দুর্ঘটনা কবলিত রাজশাহী কলেজের ছাত্রীবাহী বাস লাকী পরিবহনের চালক।
ওসি বলেন, রাজশাহীর কাটাখালীতে বাস উল্টে তিন ছাত্রী নিহত ও অন্তত ১৩ জন আহতের ঘটনায় মতিহার থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার পর এসআই বাকি বিল্লাহ বাদী হয়ে পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছিল। এ ঘটনার অপর বাস ইসলাম পরিবহনের চালককেও গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান ওসি।
রোববার দুপুরে রাজশাহীর পবা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর রাজশাহী কলেজের ছাত্রীবাহী গাড়ি খাদে পড়ে তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন।
নিহতরা হলেন- রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহমুদা হক তানিয়া, ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শারমিন সুলতানা ও ইতিহাস দ্বিতীয় বর্ষের শিমা।
