সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন বুধবার
হেফাজতে ইসলামের হামলার পর পুনর্নির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন হচ্ছে বুধবার।
চা বাগানের ফাঁকে ভোরে নবদিগন্তে সূর্যের রক্তিম আলোকছটা আর আবহমান বাংলার সংগ্রামী চেতনা প্রস্ফুটিত হয়েছে নান্দনিক শিল্পকর্মের এই স্থাপত্যে।
দেশের অন্যতম আকর্ষণীয় এই শহীদ মিনার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।
২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি সিলেট নগরীতে হেফাজতে ইসলামের মিছিল থেকে হামলা চালানো শহীদ মিনারে। তাদের তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শহীদ মিনার।
পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন নকশা করে শহীদ মিনারটি পুনঃনির্মাণের জন্য সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
একশ ফুট চওড়া ভূমির উপর ৪৫ ফুট উচ্চতার স্তম্ভটির মাধ্যমে আন্দোলিত ভূমি থেকে জেগে ওঠা বাঙালির আবহমান সংগ্রামী চেতনাকে ধারণ করে শহীদ মিনারটির নকশা আঁকেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক শুভজিৎ চৌধুরী।
তার সহযোগী স্থপতি হিসেবে কাজ করেন কৌশিক সাহা, সিপাউল বর চৌধুরী, ধীমান চন্দ্র বিশ্বাস ও জিষ্ণু কুমার দাস।
স্থপতি শুভজিত চৌধুরী বলেন, আন্দোলিত ভূমিকে শহীদ মিনারের মুখ্য বিষয়বস্তু হিসেবে প্রকাশ করা হয়েছে। মাঝের স্তম্ভের ডানে-বাঁয়ে যে দুটি স্তম্ভ রয়েছে, সেগুলোতে জানালার মতো চারটি অংশ রয়েছে। এসব জানালায় বাঙালির মুক্ত জীবনকে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়।
তিনি বলেন, শহীদ মিনার এলাকায় ৩৩ শতাংশ জায়গা রয়েছে। এর মধ্যে ৮ শতাংশ জায়গার মধ্যে শহীদ মিনার স্থাপিত হয়েছে। সমতল ভূমি থেকে ১শ’ ফুট চওড়া আন্দোলিত ভূমি তৈরি করা হয়েছে।
সেই আন্দোলিত ভূমি থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভ। মাঝের স্তম্ভের উচ্চতা ৪৫ ফুট।
তিনটি স্তম্ভের সম্মিলিত প্রস্থ ৩০ ফুট। স্তম্ভগুলো কংক্রিট দিয়ে তৈরি করে এর ওপর শ্বেতপাথর বসানো হয়েছে। মাঝের স্তম্ভে বসানো হয়েছে রক্তিম সূর্য। সূর্যোদয়ের মাধ্যমে নতুন দিনের কথা জানাতে সূর্যটি স্তম্ভে স্থাপন করা হয়েছে। স্টিলের তৈরি লাল রঙের এই সূর্যের ব্যাস সাড়ে পাঁচ ফুট।
শহীদ মিনারের ডান দিকে মাটির নিচে তিন হাজার স্কয়ার ফুটের একটি সংগ্রহশালা রয়েছে। এখানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মারক, স্মৃতিচিহ্ন, বই ও আলোকচিত্র প্রদর্শন করা হবে।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদ-এর সমন্বয়ক সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান জানান, বুধবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শহীদ মিনারটি উদ্বোধন করবেন। উদ্বোধন উপলক্ষে সাত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ অঞ্চলের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সুতিকাগার হিসেবে চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয় ১৯৮৮ সালে।
মুক্তিযোদ্ধা মরহুম ইয়ামিন চৌধুরী বীরবিক্রম, ইফতেখার হোসেন শামীম, ছদরউদ্দিন চৌধুরী ও মো. শওকত আলীর উদ্যোগে ও কিছু প্রতিশ্রতিশীল মানুষের উদ্যোগে গড়ে ওঠে এই শহীদ মিনার।
পরবর্তীতে এটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা লাভ করে।
