২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী গৃহবধূকে ধর্ষণ, দোষীদের গ্রেপ্তার দাবি

চাঁপাইনবাবগঞ্জ সদরের জুগিডাইং গ্রামের আদিবাসী গৃহবধূকে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে দুটি সংগঠন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 05:32 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

মঙ্গলবার চাঁপাইনবাবগগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও আদিবাসী সমন্বয় পরিষদ।

সমাবেশে বক্তারা বলেন, গত ২৯ নভেম্বর রাত সাড়ে ১১টায় দুই সন্তানের জননী ওই গৃহবধূকে (২৮) আতাহার গ্রামের আরিফুল ইসলাম (৩০) ও জিয়ারুল ইসলাম (৩২) ঘর থেকে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণ করে।

ওই সময় তার শাশুড়ি (৫৫) বাধা দিলে তাকে মারধর করে ঘরের ভেতর আটকে রাখে ধর্ষণকারীরা।

তাদের অভিযোগ, ঘটনার পরদিন ৩০ নভেম্বর থানায় মামলা দিতে গেলে বাদীকে রাত ৯টার দিকে থানার কর্তব্যরত কর্মকর্তা ফিরিয়ে দেন। পরদিন ১ ডিসেম্বর মামলা রেকর্ড করা হয়।

ধর্ষণের আলামত নষ্ট করার জন্য পুলিশ বিভিন্ন অজুহাতে সময় নষ্ট করেছে বলে তারা অভিযোগ করেন।  

এ ঘটনায় ওই নারী নিজে বাদী হয়ে আরিফুল ইসলাম ও জিয়ারুল ইসলামকে আসামি করে থানায় মামলা করেছেন।

তারা আরও বলেন, অভিযুক্ত আসামীগন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছেনা। এঘটনার পর থেকে ধর্ষিতা এবং তার পরিবারকে হুমকি দিয়ে আসছে অভিযুক্তরা। এছাড়াও ঘটনার পর থেকে ওই আদিবাসী গ্রামে আতংক বিরাজ করছে।

তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সভায় বক্তব্য রাখেন, উত্তবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি কর্নেলিউস মুরমু, আদিবাসী নেতা উত্তম কুমার প্রমুখ।

মানব বন্ধন ও সমাবেশ শেষে মিছিল করে এবং জেলা প্রশাককে স্মারকলিপি প্রদান করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন জানান, তাদের অভিযোগটি সঠিক নয়। ৩০ তারিখ গভির রাতে মামলা দিতে আসলে তাদের সঙ্গে নিয়ে আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হয় এবং পুলিশের দিক থেকে কোন শিথিলতা নাই। আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।