২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়: কামরুল

বাংলাদেশের মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা বলে যে অভিযোগ রয়েছে তা মানতে নারাজ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 05:18 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলছেন, বিএনপি নেতৃত্বাধীন বিগত চার দলীয় জোট সরকার মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ‘ব্যবহার’ করে মাদ্রাসা নিয়ে এমন ধারণা তৈরি করেছিল।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রসা শিক্ষক সমিতি আয়োজিত এক শিক্ষক সমাবেশে তিনি বলেন, “মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা- এটাকে আমি সমর্থন করি না। চার দলীয় জোট আপনাদের ব্যবহার করে এমন ধারণা তৈরি করেছিল।”

চার দলীয় জোটই বাংলাদেশে জঙ্গি তৈরি করেছে দাবি করে মন্ত্রী বলেন, তাদের লালন-পালনও করেছে ‘তারা’। এখন শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হচ্ছে।

বিএনপি প্রধান খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “যে জঙ্গিদের আপনি জন্ম দিয়েছেন, বেশি দিন নেই একদিন আপনাকেও তারা ছোবল দেবে, আপনাকেও ছাড় দেবে না।”

মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ‘কারো দ্বারা ব্যবহৃত’ না হওয়ার পরামর্শ দিয়ে কামরুল বলেন, “মহানবীর নির্দেশনা মোতাবেক আমরা চলছি। ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ আপনারা করবেন না।”

বাংলাদেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন দেওয়ার দাবিতে এই সমাবেশে বিভিন্ন অঞ্চলের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ছয় হাজার ৮৫৮টি মাদ্রাসায় শুধুমাত্র ইবেতেদায়ী শিক্ষা দেওয়া হয়, এ মাদ্রাসাগুলোই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হিসাবে পরিচিতি।

এসব মাদ্রসার কিছু সংখ্যক শিক্ষক মাসে এক হাজার টাকা করে সরকারি অনুদান পেলেও পাঁচ হাজার ৩২৯টি মাদ্রসার শিক্ষকরা কোনো ধরনের অনুদান পান না।

পর্যায়ক্রমে এসব শিক্ষককে সরকারি অনুদানের আওতায় আনা হবে বলে খাদ্যমন্ত্রী জানালে উপস্থিত মাদ্রাসা শিক্ষকরা জাতীয় স্কেলে বেতনের দাবিতে স্লোগান দিতে থাকেন।

তাদের থামিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল বলেন, “পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো আপনাদেরও বেতন দেওয়া হবে, দোয়া করবেন।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন খেদমত করার। স্কুল-মাদ্রাসাকে একভাবে দেখার তৌফিক দিক।”

মাদ্রাসার শিক্ষকরা তার এ কথার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান ধরেন।

অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমীন ও সাধারণ সম্পাদক কাজী মোখলেছুর রহমান সমাবেশে বক্তব্য দেন।