২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভারে একটি সোয়েটার কারখানার সপ্তম তলা থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে কর্তৃপক্ষ কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 04:57 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জিরাব এলাকার ‘জে এল সোয়েটার লিমিটেড’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আমিনুল ইসলাম (২৭) জামালপুর সদর উপজেলার ময়নাল কবীরের ছেলে। তিনি কারখানাটির নিটিং অপারেটর হিসেবে কাজ করতেন।

জে এল সোয়েটার লিমিটেডের মহাব্যবস্থাপক আরিফুল ইসলাম জানান, শ্রমিকটি সপ্তম তলা থেকে নিচে নামার জন্য লিফটের সুইচে চাপ দেন। তখন লিফটের দরজা খুলে গেলে তিনি পা বাড়াতেই নিচে পড়ে যান।

তিনি বলেন, সপ্তম তলায় লিফটের দরজা খুললেও লিফটি অস্টম তলায়ই অবস্থান করছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে ধারণা করা হচ্ছে।

শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাসিবুল বেনজির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিফটে ত্রুটির কারণে নিচে পড়ে গুরুতর আহত হন আমিনুল।

পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, পরে কর্তৃপক্ষ মঙ্গলবারের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।