২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির মামলায় পুলিশি চাপ তদন্তের নির্দেশ

রংপুরে এক নারীকে থানায় নিয়ে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে কিনা - তা তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 03:39 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

ওই নারীর ভাইয়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের আদালত মঙ্গলবার এই আদেশ দেয়।

রিটকারীর বোনকে মামলা প্রত্যাহারে ভয়ভীতি ও চাপ দেওয়া হয়েছে কি-না, তা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দিয়ে তদন্ত করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম।

মামলা প্রত্যাহারে চাপ ও ভয়ভীতি প্রদর্শন কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে হাই কোর্ট।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রংপুরের পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (রংপুর সার্কেল), কাউনিয়া ও পীরগাছা থানার ওসি ও পুলিশের উপপরিদর্শক আবু বকর সিদ্দিককে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

মনজিল মোরসেদ বলেন, “আদালত আইনগত প্রক্রিয়া ছাড়া বাদীর বাড়িতে প্রবেশ ও তল্লাশি না করতে এবং বাদীর নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে।”

এই আইনজীবী শুনানিতে বলেন, “সংবিধানে স্পষ্ট নির্দেশনা থাকার পরও পুলিশ হেফাজতে নির্যাতন চলছে। মামলা করার পর তা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে, যা আইনগত অধিকার থেকে বঞ্চিত করার শামিল।

২০১২ সালের ২ জানুয়ারি আবেদনকারীর বোন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে এসআই আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে এই মামলা করেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের নভেম্বরে রংপুরের কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার এক নারীর দায়ের করা এক মামলায় তার সৎকোনকে গ্রেপ্তার করেন কাউনিয়া থানার তৎকালীন এসআই আবুবক্কর সিদ্দিক, যদিও তিনি ওই মামলার আসামি ছিলেন না। 

৩৫ বছর বয়সী ওই নারীকে থানায় নেওয়ার পথে শারীরিক নির্যাতন চালানো হয় এবং থানায় নিয়ে যৌন হয়রানি করা হয় বলে আবেদনকারীর অভিযোগ।

জামিনে বেরিয়ে এসে ওই নারী থানায় মামলা করতে গেলে পুলিশ তা ফিরিয়ে দেয়। পরে তিনি রংপুরের একটি আদালতে গিয়ে গত ২৪ এপ্রিল অভিযোগ দায়ের করলে আদালত এস আই আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে কর্মরত থাকাকালে গত ২ জুন এসআই আবু বক্কর সিদ্দিক আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠায়।

এরপর ওই নারীর করা মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ এনে তার ভাই হাই কোর্টে এই রিট আবেদন করেন।

মনজিল মোরসেদ জানান, পুলিশ কর্তৃপক্ষ এসআই আবু বকরকে প্রত্যাহার করলেও তিনি বর্তমানে জামিনে মুক্ত।