লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত
লক্ষ্মীপুর সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্থানীয় এক যুবদল নেতা নিহত হয়েছেন।
পুলিশ বলছে, নিহত রনি (২৪) সদর উপজেলার সন্ত্রাসী দল জিসান বাহিনীর সদস্য ছিলেন।
তবে পরিবারের অভিযোগ, গোয়েন্দা পুলিশ পরিচয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল/সদর) মো. নাসিম মিয়া জানান, সোমবার রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামে জিসান বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে রনির মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা রনি লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) যুবদলের সদস্য ছিলেন বলে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী কিরণ জানান।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ১২টি গুলি উদ্ধার হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
রনির লাশ রাতেই জেলা সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার সকালে লাশের ময়নাতদন্ত হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) যুবদলের সভাপতি কিরণ অভিযোগ করেন, পুলিশ রনিকে আটক করার পর তার পায়ে গুলি করে। মারা যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।
রনির বাবা মকবুল আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলেকে সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশ পরিচয়ে নোয়াখালীর বেগমগঞ্জের কন্টেকটার পোলের গোড়া এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
“ওরা রনিকে পুলিশের গাড়িতে করে চন্দ্রগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরিয়ে রাতে গুলি করে। এতে তার মৃত্যু হয়।”
বাবার দাবি, রনি সন্ত্রাসী ছিলেন না, তিনি চন্দ্রগঞ্জ বাজারে ব্যবসা করতেন।
