বিয়ের ৩ মাসের মাথায় স্বামীর হাতে স্ত্রী খুন
চট্টগ্রামের হালিশহরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতের ইস্ত্রির আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে বড়পুল সাইডপাড়া এলাকায় এ ঘটনার পর নিহতের স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে বলে হালিশহর থানার এসআই সজল কান্তি দাশ জানান।
নিহতের নাম এ্যানি আক্তার (২৩)। তার স্বামীর নাম মো. হারুণ। তিন মাস আগে তাদের বিয়ে হয়।
পুলিশ সকালে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হালিশহর থানার ওসি সৈয়দ শাহজাহান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ উদ্ধারের সময় ওই বাসা থেকে নিহতের শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় পলাতক হারুণকে মইন্যাপাড়া এলাকা থেকে আটক করা হয় বলে জানান তিনি।
তবে হারুণের বাবা-মায়ের নাম তিনি জানাতে পারেননি।
