২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষ, ডিইপিজেডে বিদেশি কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের মুখে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) জার্মান মালিকানার পোশাক কারখানা ‘প্যাডক্স জিন্স লিমিটেড’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 01:52 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মাজাহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত দুই দিন ধরে শ্রমিক অসন্তোষ চলার পর কর্তৃপক্ষ সোমবার রাতে কারখানা বন্ধের নোটিস মূল ফটকে ঝুলিয়ে দেয়।

শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিমাসে বেতনের সময় অসুস্থ সহকর্মীদের সহায়তার জন্য টাকা সংগ্রহ করেন এ কারখানার শ্রমিকরা।

গত রোববারও বেতনের সময় টাকা সংগ্রহ করতে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরদিন সকালে শ্রমিকরা কারখানায় এসে কাজ না করে আগের দিনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

সে সময় মালিকপক্ষের লোকজনের ছুরিতে এক শ্রমিকের আহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে কর্মীরা কারখানার জানালা-দরজা ও আসবাবপত্র ভাংচুর করে। এসময় অন্তত ১০ জন শ্রমিক আহত হন। পরে কর্তৃপক্ষ ওইদিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে বলে মোস্তাফিজুর রহমান জানান।

মঙ্গলবার সকালে ডিইপিজেড পুরনো জোনে কারখানাটির ফটকে বন্ধের নোটিস দেখে শ্রমিকরা আবার বিক্ষোভ শুরু করলে শিল্প পুলিশ তাদের সরিয়ে দেয়।

পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা আবার খুলে দেওয়া হবে বলে মোস্তাফিজুর রহমান জানান।