২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে স্থবির খাগড়াছড়ি

মানিকছড়ির আওয়ামী লীগ নেতা চিংসা মং চৌধুরী হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং ‘অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও খুন’ বন্ধের দাবিতে হরতালে কার্যত স্থবির হয়ে পড়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 01:01 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

‘দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ প্রতিরোধ কমিটি’ নামের একটি সংগঠনের ডাকে মঙ্গলবার সকাল-সন্ধ্যা এই হরতালের কারণে খাগড়াছড়ি থেকে সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। জেলার আট উপজেলায় অভ্যন্তরীণ সড়কেও কোনো যানবাহন চলছে না।

সকাল থেকে জেলা শহরে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

হরতালের সমর্থনে সকালে প্রতিরোধ কমিটির নেতাকর্মীরা শহরের চেংগি স্কয়ারে বিক্ষোভ করে। পিকেটাররা সেখানে টায়ার পোড়ানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এছাড়া বিভিন্ন এলাকা থেকে হরতালকারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাপলা চত্বরে এসে সমাবেশও করে।   

পুলিশ সুপার শেখ মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। সকাল থেকে কোথাও কোনো গোলযোগ ঘটেনি। হরতালকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

গত শনিবার দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মানিকছড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংসা মং (৪৫)।  

ওই ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান বাবু আহত হন।

একই দিনে মাটিরাঙ্গায় জনসংহতি সমিতির নেতা আশুতোষ ওরফে মিলন ত্রিপুরা (৪০) এবং পানছড়িতে রমজান আলী (৫৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) সন্ত্রাসীদের হামলায় আহত হন।

চিংসা মং ও জাপান বাবুর ওপর গুলির ঘটনায় জনসংহতি সমিতির নেতা ধীমান চাকমা সোমবার রাতে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। তবে হত্যাকাণ্ডের চার দিন পরও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মানিকছড়ি থানার ওসি শফিকুর রহমান মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের খোঁজে অনুসন্ধান চলছে।”

এদিকে একের পর এক সন্ত্রাস, অপহরণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোমবার জেলা শহরে এক বিক্ষোভ সমাবেশ থেকে হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন ‘দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ প্রতিরোধ কমিটির’ আহ্বায়ক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম।

সমাবেশে তিনি বলেন, “বহু প্রত্যাশা ও ছাড় দিয়ে পার্বত্য শান্তিচুক্তি হয়েছে। কিন্তু পাহাড়ে কাঙ্ক্ষিত শান্তি ফিরে আসেনি। চুক্তির আগে সন্ত্রাস ও চাঁদাবাজি সীমিত পর্যায়ে ছিল। কিন্তু চুক্তির পর বহু আঞ্চলিক রাজনৈতিক দল, গোষ্ঠী ও সংগঠনকে চাঁদা দিতে হচ্ছে। চাঁদা না দিলে অপহরণ, গুম ও খুন করা হচ্ছে।”

সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধে ব্যর্থতার জন্য প্রশাসনকে দায়ী করে যেখানে চাঁদাবাজি সেখানেই প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দেন তিনি।