র্যাবের অভিযানে নকল ওষুধ প্রস্তুতকারীর সাজা
রাজধানীর বংশালে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে একজনকে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যামান আদালত।
সাজাপ্রাপ্তের নাম আকবর হোসেন ভাষানী(৪০)।
র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নকল ওষুধ তৈরি করে তা বিক্রি করায় তাকে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।”
র্যাবের এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ভাষানী অধিক লাভের আশায় নকল ওষুধ তৈরির কাজে জড়িয়ে পড়ে।”
আকবর বংশালের খিলঘর রোডে কসাইটুলী এলাকায় কারখানা গড়ে তুলে ২ বছর ধরে নকল ওষুধ তৈরি করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
তার কারখানায় এন্টিবায়োটিক, হৃদরোগের ওষুধ, ধনুষ্টংকারের নকল টিকা, নাকের সমস্যার ড্রপসহ বিভিন্ন ধরনের কয়েক হাজার নকল ওষুধ পাওয়া গেছে।
অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরে কর্মকর্তা মাহবুব হোসেনও উপস্থিত ছিলেন।
