২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় পিটুনির পর দুই কর্মকর্তা হাসপাতালে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্যকে পিটিয়ে আহত করে নির্বাচন সংক্রান্ত কাগজপত্র পুড়িয়ে দিয়েছে একদল কর্মকর্তা-কর্মচারী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 10:04 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার বিকালে এ ঘটনায় আহত নির্বাচন কমিশনার ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এরশাদুজ্জামান কাজল এবং সদস্য ও সেকশন অফিসার এইচ এম ইকবালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাপাতালের পরিচালক আব্দুল কাদের খান বলেন, “মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন এরশাদুজ্জামান। এছাড়া ইকবালের একটি দাত ভেঙে গেছে এবং বাম চোখে মারাত্মক চোট পেয়েছেন।”  

এদিকে এ ঘটনাকে ঘিরে কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা বিষয়টি লিখিতভাবে উপাচার্যকে অবহিত করে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুমকি দিয়েছে অফিসার্স অ্যাসোসিয়েশন। 

অফিসার্স অ্যাসোসিয়েশন জানায়, আগামী ১৫ ডিসেম্বর অফিসার্স অ্যাসোসিয়েশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এরশাদুজ্জামান কাজলকে নির্বাচন কমিশনার এবং সেকশন অফিসার গ্রেড-১ এইচ এম ইকবাল ও সহকারী পরিচালক(গ্রন্থাগার) আব্দুস সামাদ প্রধানকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের শেষ দিন।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপ-পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) এটিএম গোলাম ফিরোজ জানান, “নির্বাচন কমিশনারের কার্যালয়ে বসে তারা মনোনয়নপত্র বিক্রি করছিলেন।

বেলা সাড়ে ৩টার সময় সেকশন অফিসার আতিকুজ্জামান সুমন ও রাফিউল হাসান রাসেল ১০-১২ জন কর্মচারী নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে ঢুকে নির্বাচন বন্ধের দাবি জানান।

“এতে তারা রাজি না হওয়ায় সুমন ও রাসেল নির্বাচন কমিশনার এরশাদুজ্জামান ও সদস্য এইচ এম ইকবালকে মারধর করে নির্বাচন সংক্রান্ত কাগজপত্র পুড়িয়ে দেন।”

অ্যাসেসিয়েশনের সদস্য ও সহকারী রেজিস্ট্রার খন্দকার গোলাম মোস্তফা অভিযোগ করেন, “হামলাকারীরা উপাচার্যের পক্ষের কর্মকর্তা। শিক্ষক সমিতির চলমান উপাচার্য বিরোধী আন্দোলনের সঙ্গে ১০৮ জন অফিসারের মধ্যে ১০২ জন একাত্মতা ঘোষণা করেন। সেকশন অফিসার আতিকুজ্জামান সুমন ও রাফিউল হাসান রাসেলসহ ৬ জন কর্মকর্তা উপাচার্যের পক্ষ নেন।”

উপাচার্য এ কে এম নূর উন নবী এ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শুনেছি। এটি দুঃখজনক। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” 

সেকশস অফিসার আতিকুজ্জামান সুমন ও রাফিউল হাসান রাসেলের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।