একরাম হত্যার দুই আসামি জামিনে মুক্ত
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযুক্ত দুই আসামি হাই কোর্টের জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার বিকালে আবদুর রউপ ও মোহাম্মদ মাসুদ ফেনী জেলা কারাগার থেকে ছাড়া পান।
ফেনী কারাগারের তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিম জানান, গত ২ ডিসেম্বর হাই কোর্টের বিচারপতি নিজামুল হক ও বিচারপতি এসএম নুরুল হুদা জাহাঙ্গীরের দ্বৈত ব্যাঞ্চে তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।
জামিনের আদেশের কপি সোমবার সকালে ফেনীর মুখ্য বিচারিক হাকিম মো. মোফিজুর রহমান ভূঞার আদালতে উপস্থাপন করলে আদালত যাচাইবাছাই শেষে ফেনী জেলা কারাগারে পাঠান।
আদেশের কপিটি দুপুরে ফেনী কারাগারে পৌঁছলে কারাকর্তৃপক্ষ বিকালে সদর উপজেলার উত্তর সোনাপুর এলাকার আবদুর রশিদের ছেলে আবদুর রহমান ওরফে আবদুর রউপ ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চরকাঁকড়া এলাকার আবুল খায়েরের ছেলে মোহাম্মদ মাসুদকে মুক্তি দেয়।
আবদুর রউপ ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
একরামুল হক (ফাইল ছবি)
গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান, একরামের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ হত্যার একশ দিন পর ৫৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। পুলিশ ও র্যাব এ পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
