সাত খুনে আরেক র্যাবের জবানবন্দি
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাব-১১ এর আরেক সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান জানান, সোমবার দুপুরে জ্যেষ্ঠ বিচারকি হাকিম চাঁদনী রুপমের আদালতে পৃথক দুটি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে হাবিলদার আবুল কালাম আজাদ জবানবন্দি দেন।
এই নিয়ে এ খুনের ঘটনায় হত্যার দায় স্বীকার করে এবং হত্যাকান্ডের বর্ণনা দিয়ে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ১৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এছাড়া র্যাবের ৯ সদস্যসহ মোট ১৬ জন আদালতে সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন র্যাবের ১৬ জনসহ মোট ২৯ জন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জানান, র্যাবের সদস্য আবুল কালাম আজাদ স্বীকারোক্তিতে জানিয়েছেন, “তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নিজে উপস্থিত থেকে অপহরণ, হত্যা এবং লাশ গুমের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।”
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয় জনের ও পরদিন ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় নজরুল ইসলামসহ ৫ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম অপহরণ ও হত্যার ঘটনায় তার জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন ফতুল্লা মডেল থানায়।
