রাষ্ট্রপতির সঙ্গে বিএএএস প্রতিনিধি দলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির (বিএএএস) একটি প্রতিনিধি দল।
সোমবার বঙ্গভবনে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।
সাক্ষাতে দেশের কল্যাণে তরুণ ও মেধাবী গবেষকদের খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রপতি বলেন, “আমাদের তরুণ ও মেধাবী গবেষকদের পৃষ্ঠপোষকতা দিতে হবে, যাতে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”
প্রতিনিধি দলটি রাষ্ট্রপতিকে সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করে দেশের উন্নয়নে ফলপ্রসূ গবেষণার জন্য বিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তার কথা জানায়।
বিএএএস-এর দ্বি-বার্ষিক সম্মেলনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণও জানানো হয়।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
