২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অপহৃত শিশু টাঙ্গাইলে উদ্ধার

বাগেরহাট থেকে অপহৃত এক শিশুকে ১০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 04:40 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ এর কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, রোববার রাত ৮টার দিকে টাঙ্গাইলের অ্যালেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে সুমাইয়া আক্তার মীম (৬) নামে ওই শিশুকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন টাঙ্গাইলের ভুঞাপুরের খরক গ্রামের বাসিন্দা জাকির হোসেন এবং বাগেরহাটের রামপাল উপজেলার তালগুনিয়া গ্রামের শেখ আলী আজম।

সোমবার টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমান্ডার ফারুকী সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, “গ্রেপ্তাররা জানিয়েছে, তাদের দলের সদস্য গাইবান্ধার গোবিন্দগঞ্জের হান্নান ও তার সহযোগীরা দেশের বিভিন্ন স্থান থেকে শিশুদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। অনেক সময় তারা অপহৃতদের হত্যাও করে।”

২৭ নভেম্বর হাওলাদার ইশারত আলীর মেয়ে সুমাইয়াকে রামপাল উপজেলার চাকশ্রী গ্রাম থেকে অপহরণ করে তার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয় তারা। ইশারত আলীর অভিযোগের প্রেক্ষিতে রামপাল থানায় একটি অপহরণের মামলা হয়।    

“পরে অপহৃতের বাবা ঘটনাটি খুলনার র‌্যাব-৬ এ জানালে সদর দপ্তর দেশের সকল ব্যাটালিয়নকে শিশু সুমাইয়াকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেয়,” বলেন ওই কোম্পানি কমান্ডার।  

অপহরণকারী চক্রটি ইশারতের কাছে টাঙ্গাইলের কালিহাতি অথবা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার যে কোন স্থান থেকে মুক্তিপণের টাকা নিয়ে শিশুটিকে ফেরত দেবে বলে জানায়।

র‌্যাব কর্মকর্তা জানান, এক পর্যায়ে টাকা নিতে আসা অপহরণকারী চক্রের সদস্য জাকিরকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার জোকারচর থেকে কৌশলে গ্রেপ্তার করে র‌্যাব। পরে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমকে রোববার রাতে কালিহাতি থানার এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে আটক করা হয় এবং সেখানে তার কাছে শিশুটিকে পাওয়া যায়।