২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় কারখানায় ভাংচুর, ছুটি ঘোষণা

সাভারের আশুলিয়ার ইপিজেডে একটি পোশাক কারখানায় শ্রমিকদের ভাংচুরের পর একদিনের ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 03:59 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার জার্মানির মালিকানাধীন ‘প্যাডক্স জিন্স লিমিটেডে’ এ ঘটনা ঘটে বলে জানান শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিচালক মুস্তাফিজুর রহমান।  

তবে, কারখানায় ভাংচুরের বিষয়ে কর্তৃপক্ষ ও শ্রমিকদের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।  

প্যাডক্স জিন্সের প্রশাসনিক কর্মকর্তা মাজাহারুল হক জানান, কারখানার ভিতরে মালিকপক্ষের হাতে সহকর্মীকে ছুরিকাঘাতের গুজবে এ ভাংচুর চালিয়েছে শ্রমিকরা। এসময় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটিতে প্রায় ২২শ’ শ্রমিক কাজ করে। প্রতিমাসে বেতন থেকে অসুস্থ শ্রমিকদের জন্য কিছু সাহায্য ওঠানো হয়।

আগেরদিন রোববার বেতনের সময় এই সাহায্যের টাকা তোলার সময় কিছু শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাৎক্ষণিক বিষয়টি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষকে (বেপজা) অবহিতও করা হয়।

“সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে কাজ না করে রোববারের ঘটনার জন্য পুনরায় বিক্ষোভ শুরু করে। এরই মধ্যে কারখানার শ্রমিক আল-আমিন চিৎকার চেঁচামেচি করলে কারখানায় গুজব ছড়িয়ে পরে যে, আমিনকে মালিকপক্ষের লোক ছুরিকাঘাত করেছে।”

এরপর উত্তেজিত শ্রমিকরা ব্যাপক ভাংচুর শুরু করে। এতে কারখানার জানালা, দরজার কাচ, কম্পিউটার, আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নষ্ট হয় বলেও তিনি জানান।  

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অবস্থা খারাপ দেখে কারখানা কর্তৃপক্ষ একদিনের জন্য ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়।

এদিকে, আল-আমিনের অভিযোগ চলতি মাসে শ্রমিকদের বেতনে আড়াই লাখ টাকা কম পড়ায় মালিকপক্ষ রোববার বেতন দেয়ার সময় ৩০ টাকা করে শ্রমিকদের কাছ থেকে কেটে নেয়।

“এ ঘটনায় আমরা প্রতিবাদ করলে মালিকপক্ষের লোকজন আজ (সোমবার) কারখানায় কাজ করতে গেলে আমাদের উপর হামলা চালায়।”

এতে তিনিসহ অন্তত ১০ শ্রমিক আহত হলে শ্রমিকরা কারখানায় ভাংচুর শুরু করে।

তবে, বেতনের টাকা কেটে নেওয়ার বিষয়টিকে গুজব বলে দাবি করেন প্রশাসনিক কর্মকর্তা মাজাহারুল।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইপিজেডে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ কর্মকর্তা মুস্তাফিজুর।