২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: তানভীরের জামিন স্থগিত হয়নি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার মো. তানভীর রহমানকে দেওয়া জামিন স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 01:24 AM

Updated : 22 Aug 2022, 08:03 PM

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন।

গত ২ ডিসেম্বর হাই কোর্টের একটি বেঞ্চের দেওয়া জামিন স্থগিতে এই আবেদন করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

তানভীরের পক্ষে ছিলেন তার আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

গত ২ সেপ্টেম্বর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ তানভীরের জামিন আবেদন ফিরিয়ে দিয়েছিল।

তার আগে তানভীরের জামিন চেয়ে গত ১৩ জুলাই রিট আবেদন করেছিল মানবাধিকার কমিশন। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে ওই দিন শুনানিও হয়।

হাই কোর্ট ও বিচারিক আদালতে বারবার আবেদন করেও জামিন না পাওয়ার যুক্তি দেখিয়ে ‘ব্যতিক্রমধর্মী’ ওই জামিনের আবেদন করা হয়। আইনজীবীদের দেয়া আদালতের পরামর্শে তানভীরের জামিনের ওই আবেদন করা হয়।

সাগর-রুনির কথিত পারিবারিক বন্ধু তানভীর রাজধানীর স্কলাসটিকা স্কুলের ডেপুটি ম্যানেজার ছিলেন। পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করলে ২০১২ সালের ১০ অক্টোবর বিচারক তাকে সাত দিনের রিমান্ডে পাঠান।

তার আইনজীবীর দাবি, তানভীরকে ওই বছরের ১ অক্টোবর আটক করা হলেও আদালতে হাজির করা হয় ১০ দিন পর।

এর মাঝে বিচারিক আদালত ও হাই কোর্টে কয়েক দফা জামিনের আবেদন করে ব্যর্থ হন তানভীর।

ছেলেকে ‘বিনা-বিচারে’ আটকে রাখার অভিযোগ এনে গত ৯ ফেব্রুয়ারি তানভীরের বাবা মাহবুবুর রহমান জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতা চেয়ে আবেদন করেন। সেই আবেদন বিবেচনায় নিয়েই কমিশন ও এর চেয়ারম্যান মিজানুর রহমান রিট আবেদন করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।

হত্যা রহস্যের কিনারা করতে না পারায় হাই কোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি পুলিশ থেকে র‌্যাবে স্থানান্তর করা হয়।

র‌্যাব তদন্তের দায়িত্ব নেয়ার পর সন্দেহভাজন ১৬ জনের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠায়। এছাড়া আলামত হিসেবে জব্দ করা ছুরি ও পোশাকের নমুনাও পাঠানো হয়। কিন্তু তাতেও খুনি সনাক্ত করা যায়নি।

হত্যাকাণ্ডের এক বছর আট মাস পর ঘটনায় ‘জড়িত’ আটজনকে চিহ্নিত করার কথা বলেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এর মধ্যে একজন তানভীর।