২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদীর ‘ভুলে’ সরকারি কর্মকর্তারা সাক্ষী

মোসতামসির আশরাফ শুভ্র নিহত হওয়ার মামলার বাদী ‘ভুল’ করে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাক্ষী করেছেন বলে দাবি করেছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 01:03 AM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সরকারি কর্মকর্তাদের সাক্ষী করায় এই মামলার আসামি জান্নাতি হোসেনের পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই নিহত শুভ্রর পরিবারের বিরুদ্ধে মামলাটিকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ করা হচ্ছিল।

নিম্ন ও উচ্চ আদালতে জান্নাতি জামিন না পাওয়ার পর পুলিশ বাদীর ‘ভুলের’ বিষয়টি সামনে আনল।

ঢাকার মুখ্য মহানগর হাকিম ও মহানগর দায়রা জজ আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতে আসে জান্নাতির পরিবার। গত ৩০ নভেম্বর তার জামিনের শুনানিতে বিব্রত হয় হাই কোর্ট বেঞ্চ।

আগামী ১৭ ডিসেম্বর হাই কোর্টে ছুটি শুরু হওয়ার আগে আবার তার জামিন চাওয়া হবে বলে জানিয়েছেন জান্নাতির আইনজীবী রুমিন ফারহানা।

গত ১৭ জুলাই মধ্যরাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেইটের দিকে যাওয়ার সময় শাহীনবাগ এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার পুলিশের একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়।

এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং নিহত হন এর আরোহী শুভ্র। তার গাড়িটি তখন চালাচ্ছিলেন তারই বন্ধু ‘ভেলোসিটি’ কার মডিফাই শপের মালিক ও অটোমোবাইল ম্যাগাজিন ‘টর্ক’ এর সম্পাদক জান্নাতি হোসেন।

তেজগাঁও থানার এসআই সর্দার নিজামুল হক পরদিন জান্নাতির বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা করেন।

থানায় এই মামলার চার দিন পর নিহত শুভ্রর চাচা আবদুল হান্নান খান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জান্নাতির বাবা, মা ও দুই ভাইকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

এই মামলার ব্যাপারেই জান্নাতির পরিবারের আপত্তি।

আদালতের আদেশে দুই মামলা একীভূত করে একটি মামলা হিসাবে তদন্ত শুরু হয়। মামলাটি তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক উত্তম কুমার বিশ্বাস।

মামলার নথিপত্র থেকে জানা যায়, সাক্ষীর তালিকায় রয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. কামরুল হাসান মোল্লা, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান, নরসিংদীর অতিরিক্ত জেলা জজ মো. মাহবুবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এমদাদুল হক দুলুসহ ১৫ জন।

Image
জান্নাতি হোসেন

জান্নাতি হোসেন

জান্নাতির পরিবার বলছে, একটি দুঃখজনক  বিয়োগান্তক পরিণতির ঘটনায় দায়ের করা মামলায় রাষ্ট্রের এতজন শীর্ষ কর্মকর্তাকে সাক্ষী করাতেই প্রমাণ মেলে এটি ‘মিথ্যা অভিযোগ’।

তাদের অভিযোগ, সাক্ষীদের মধ্যে কয়েকজন নিম্ন আদালতে জান্নাতির জামিন ঠেকাতে অবৈধভাবে ক্ষমতার প্রয়োগ করেছেন, বিচারে হস্তক্ষেপ করছেন। দুর্ঘটনার মামলায় জান্নাতিকে ১৫ দিন ধরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কারণও এই প্রভাবশালী মহল। 

জান্নাতির মা শাকিলা হেসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিতীয় মামলা কোনো মামলাই নয়। সিট বেল্ট না থাকায় মোসতামসির আশরাফের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলাটি ছিল জামিনযোগ্য দুর্ঘটনার মামলা। কিন্তু শুভ্রর অভিভাবকরা প্রভাব খাটিয়ে মামলাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। 

“শুভ্রর বাবা আব্দুল মান্নান খান মহাপরিদর্শক (নিবন্ধন) হিসাবে কর্মরত। তিনি জেলা জজ ছিলেন। তিনি বিচার বিভাগেরই একজন শীর্ষ কর্মকর্তা। সে কারণে তারা এটিকে হত্যা মামলায় পরিণত করার চেষ্টা করেছেন।”

তবে মামলায় হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিয়েছেন নিহতের বাবা ভূমি মন্ত্রণালয়ের ‘ইন্সপেক্টার জেনারেল অফ রেজিস্ট্রেশন’ মান্নান খান।

তিনি বলেন, “আমার পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সে মামলার আসামি জান্নাতির বাবা, তার স্বামী ও দুই ভাই এখনো জামিন নেয়নি, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। আর মামলা তদন্তকালীন আসামির জামিন না হওয়াই সঙ্গত। আমি বা আমরা কেউই বিচারের ওপর হস্তক্ষেপ করছি না, করব না।”

শুভ্রর পরিবার বলছে, কার মডিফাই ব্যবসার পুরোটাই আত্মসাতের জন্য জান্নাতির পরিবারের সবাই মিলে ষড়যন্ত্র করে দুর্ঘটনার  গল্প সাজিয়ে এই ‘হত্যাকাণ্ড’ ঘটিয়েছে।

মান্নান খান বলেন, “গাড়ি দুর্ঘটনা হল, আর চালকের কিছুই হল না।পাশের সিটে বসা আমার ছেলে হল নিহত, আর গাড়িচালক গাড়ি থেকে অক্ষত বেরিয়ে এল। এটা আমি কিছুতেই মানতে পারছি না।”

উচ্চ আদালতে জান্নাতির আইনজীবী রুমিন ফারহানাও ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করেছেন।

তিনি বলেন, “ঠান্ডা মাথায় পরিকল্পিত কোনো হত্যা এটি নয়। আগের মামলাটি দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায় বেপরোয়া গাড়ি চালনায় মৃত্যুর অভিযোগে করা, যা জামিনযোগ্য । আর পরেরটি ৩০২ ধারায় হত্যার অভিযোগে, যেটি জামিন অযোগ্য।”

কিন্তু তদন্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাসের মতে, এটি নিছক দুর্ঘটনা বা দুর্ঘটনার কারণে মৃত্যু নয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সেদিনের ঘটনার পরম্পরাকে ‘জটিল’ অভিহিত করে তিনি বলেন, “জান্নাতির কথা ও কাজে অসঙ্গতি পাওয়া গেছে। আর আমার অধিকাংশ প্রশ্নের উত্তর দিয়েছেন বানিয়ে। মিথ্যা বলার পর সম্পূরক প্রশ্নে নিরুত্তর থেকেছেন। এত বড় দুর্ঘটনা হলে জান্নাতিও ন্যূনতম আঘাত পাওয়ার কথা ছিল।”

তদন্তে কোনো পক্ষ নেওয়া কিংবা কোনো চাপ থাকার বিষয়টিও নাকচ করে দেন সিআইডি কর্মকর্তা উত্তম কুমার।

শীর্ষ সরকারি কর্তাদের মামলাটিতে কিভাবে সাক্ষী করা হলো জানতে চাইলে বলেন, “একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তারা নিহতের বাবার ব্যাচমেট, কলিগ হওয়ায় দুর্ঘটনার পর থানায় নানা অনুরোধ আসে। তখন তাদেরকে আদালতে করা মামলায় সাক্ষী বানিয়ে ফেলেন বাদী হান্নান।”

পুরনো খবর:

দুর্ঘটনার মামলায় বন্দি জান্নাতিকে আইনি সুরক্ষা দেওয়ার দাবি