হাসান আলীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার পলাতক রাজাকার সৈয়দ মো. হাসান আলী ওরফে হাছেন আলীর মামলায় সোমবার থেকে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
এর আগে অভিযুক্ত হাসান আলীর বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মোহাম্মাদ আলী। তাকে সহায়তা করেন প্রসিকিউটর আবুল কালাম আযাদ।
এসময় পলাতক হাসান আলীর পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।
সূচনা বক্তব্য উপস্থাপন শুরুর আগে মামলার অভিযোগে থেকে যাওয়া কয়েকটি ভুল সংশোধন করার জন্য ট্রাইব্যুনালে আবেদন জানান প্রসিকিউটর মোহাম্মাদ আলী। পরে সেই আবেদনেও ভুল আছে বলে উল্লেখ করে ট্রাইব্যুনাল।
এরপর প্রসিকিউটর মোহাম্মাদ আলী অভিযুক্ত পলাতক সৈয়দ হাসান আলীর বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরু করেন।
সূচনা বক্তব্য শেষ হলে ট্রাইব্যুনাল মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার দিন নির্ধারণ করেন।
সিরাজ মাস্টারের বিরুদ্ধে প্রসিকিউসনের তৃতীয় সাক্ষীর সাক্ষ্য
পরে ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও আটক বাগেরহাটের সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী বাগেরহাটের কমলা রানী চক্রবর্তী(৬০)।
সাক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালের বৈশাখ মাসের এক বৃহস্পতিবার সিরাজ মাস্টার ৭/৮জন সহযোগী নিয়ে তার শ্বশুড়বাড়ি আক্রমণ করে।এরপর তার স্বামী পরিতোষ চক্রবর্তী, শ্বশুর নিশিকান্ত চক্রবর্তীকে গুলি করে এবং দাদাশ্বশুর বিনোদ চক্রবর্তীকে কুপিয়ে হত্যা করে তারা।
“আমি আসামী সিরাজ মাস্টারকে চিনতাম,কারণ তিনি সায়েরা হাই স্কুলে শিক্ষকতা করতেন।”
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার সাক্ষ্য দেন কমলা রাণী।
এরপর মামলার পরবর্তী কার্য্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।
