‘উপজেলা পরিষদ কর তফসিল’র বিপক্ষে ইউপি চেয়ারম্যানরা
প্রস্তাবিত ‘উপজেলা পরিষদ কর তফসিল’ বাস্তবায়িত হলে উপজেলা পরিষদের সঙ্গে ইউনিয়ন পরিষদের ‘দ্বন্দ্ব’ সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউপি চেয়ারম্যানদের সংগঠন ‘বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম’ (বিইউপিএফ) ।
তারা মনে করছেন, এর ফলে ইউনিয়ন পরিষদের আয় এবং কাজেও সীমাবদ্ধতা তৈরি হবে।
রোববার জাতীয় প্রেসক্লাবে ইউনিয়ন পরিষদের আয়ের উৎস বিষয়ক এক আলোচনা সভায় বিইউপিএফ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু বলেন, “আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদগুলো স্ব-শাসন পায়নি উল্টো উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা ক্ষুদ্রতম এই স্থানীয় সরকার ব্যবস্থাটি নিয়ন্ত্রণ করছে।
“নতুন করে উপজেলা পরিষদকে স্থানীয় কর আদায়ের দায়িত্ব দেয়ার উদ্যোগ বাস্তবায়িত হলে তা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি-মারামারির সৃষ্টি করবে।”
অনুষ্ঠানে আলোচনাপত্র উপস্থাপনের সময় টুলু অভিযোগ করে বলেন, “জলমহল, হাটবাজার, খেয়াঘাট ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে উপজেলা পরিষদকে দেয়া হয়েছে। ফলে স্থানীয় উন্নয়নের জন্য ইউপির আয়ের উৎস সঙ্কুচিত হয়েছে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী, উন্নয়নকর্মী রঞ্জন কর্মকার, সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর এবং রুহুল আমিন, বিভিন্ন অঞ্চল থেকে আসা ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যরা।
বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, “পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের কাজের সীমা নির্দিষ্ট করতে হবে। অন্যথায় উন্নয়নের পরিবর্তে তাদের মাঝে কনফ্লিক্ট হবে, বিশৃঙ্খলার কারণে উন্নয়ন ও সুশাসন বাধাগ্রস্ত হবে।”
স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী না করলে উন্নয়ন সম্ভব নয় দাবি করে তিনি বলেন, “উপজেলা পরিষদ সৃষ্টি হয়েছিল সমন্বয়ের জন্য। এখন একে শক্তিশালী করতে গিয়ে ইউনিয়ন পরিষদকে দুর্বল করা হচ্ছে।”
বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, “রাজনীতি ও আমলাতন্ত্রের দ্বন্দ্ব থেকেই ইউনিয়ন পরিষদগুলো দুর্বল করে দেয়ার পদক্ষেপ এসেছে। নিজেদের ক্ষমতা ধরে রাখতে গিয়ে আমলারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা কেড়ে নিয়ে উপজেলা পরিষদকে দিচ্ছে, কিন্তু নিজেদের অবস্থান থেকে কোনো ছাড় দিচ্ছে না।”
আলোচনা অনুষ্ঠান থেকে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে সরকারের কাছে বিভিন্ন দাবি জানানো হয়। দাবি আদায়ের লক্ষ্যে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিরও ঘোষণা দেন ইউপি সদস্যরা।
বিইউপিএফ’র উত্থাপিত দাবির মধ্যে রয়েছে, চেয়ারম্যানদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিতে পদমর্যাদা নির্ধারণ ও ভাতা সম্মানজনকভাবে বৃদ্ধি, উপজেলা পরিষদের জন্য প্রস্তাবিত উপজেলা পরিষদ আদর্শ কর তহবিল স্থগিত করা, ভূমি হস্তান্তর কর এক শতাংশ থেকে বাড়িয়ে দুই শতাংশ করা এবং ভূমি উন্নয়ন করের দুই শতাংশ সরাসরি ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে জমা দেয়ার ব্যবস্থা করা।
এছাড়া নিকাহ রেজিস্ট্রি ফি’র ১০ শতাংশ সরাসরি কাজী কর্তৃক ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে জমার ব্যবস্থা এবং মোবাইল টাওয়ারের ওপর কর ধার্যের ব্যবস্থা এবং ইউপি চেয়ারম্যানদের অপসারণ ও পরিষদ বাতিলের নতুন আইন বাতিল করা এবং ইউনিয়ন পর্যায়ে চালু থাকা সব সরকারি দপ্তরকে ইউনিয়ন পরিষদের হাতে ন্যস্ত করার দাবিও তোলে বিইউপিএফ।
দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা চার হাজার ৫৭৩টি।
