২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীমের স্ত্রীকে নিয়ে মন্তব্য, রাব্বির বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমানের স্ত্রীকে নিয়ে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 08:14 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

অভিযোগ আমলে নিয়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন আগামী ১৫ জানুয়ারি রাব্বিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

Image
মাঝে রফিউর রাব্বি (ফাইল ছবি)

মাঝে রফিউর রাব্বি (ফাইল ছবি)

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে রোববার বিকালে এ মামলা দায়ের করেন।

খোকন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ ডিসেম্বর সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি সাংসদ এ কে এম শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমানকে নিয়ে ‘অশালীন’ উক্তি করেছেন। তাই লিপি ওসমানের পক্ষে তিনি আদালতে এ মামলা করেছেন।

রফিউর রাব্বি গত শুক্রবার  নারায়ণগঞ্জে এক সমাবেশে শামীম ওসমানের পরিবারকে ‘খুনী পরিবার’ বলে আখ্যায়িত করেন। ওই পরিবারকে আশ্রয়-প্রশয় না দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

এক বছর আগে স্কুল পড়ুয়া ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যায় ওসমান পরিবারকে দায়ী করে আসছেন রাব্বি। দ্রুত ওই হত্যা মামলার অভিযোগপত্র দেওয়ারও দাবি জানান তিনি।

Image
শামীম ওসমান (ফাইল ছবি)

শামীম ওসমান (ফাইল ছবি)

সমাবেশের আগের দিন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের একটি টয়লেটে বিস্ফোরণের পর সেখানে গিয়ে শামীম ওসমান জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান এবং জ্যেষ্ঠ আইনজীবী ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুমকে অকথ্য ভাষায় গালাগালি করেন বলেও অভিযোগ ছিল রাব্বির।

ওই প্রসঙ্গ তুলে শামীম ওসমানকে নিয়ে তিনি বলেন, “তাদের অকথ্য ভাষায় গালাগালি করেছেন এবং রাজাকারের বাচ্চা বলেছেন শামীম ওসমান। অথচ তিনি যাকে বিয়ে করেছেন তারা বাবা অর্থাৎ তার (শামীম) শ্বশুরই রাজাকার।

“ঘরে রাজাকারের সন্তান রেখে অন্যকে রাজাকার বলা তার মুখে মানায় না। তার উচিত ছিল স্ত্রীকে এজন্য ত্যাগ করা।”

পুরনো খবর:

‘ওসমান পরিবার খুনি, প্রশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী’