নাগরপুরে আ. লীগ নেতার বাড়িতে হামলা, নারী নিহত
টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা চালিয়ে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার ভালকুটিয়া গ্রামে ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগম (৬৫) উপজেলার বেকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল ইসলামের বড় ভাইয়ের স্ত্রী।
মো.নুরুল ইসলাম বলেন, “জমি নিয়ে প্রতিবেশী চান্দু মিয়ার সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার বিকেলে ২৫/৩০ জন সশস্ত্র সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে রোববার সকালে দ্বিতীয় দফা হামলা চালায়।
গুরুতর অবস্থায় আছিয়াকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শারমিন আক্তার জানান।
নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি জানান, হামলার ঘটনা শুনেছি। তবে কেউ মারা গেছে কি না জানি না।
এ বিষয়ে নাগরপুর থানার ওসি মুহা. আব্দুর রকিব খানকে বার বার ফোন দিলেও তিনি তা ধরেননি।
