২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সাংবাদিক পিটিয়ে দুই কর্মচারী বরখাস্ত

কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে তিন সাংবাদিকের ওপর হামলায় জড়িত অভিযোগে দুই কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 06:26 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

এরা হলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখার অফিস সহকারী মো. নাছির উদ্দিন এবং মহেশখালীর কেরুণতলী ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী আবুল হাশেম।

জেলা প্রশাসক মো. রুহুল আমিন রোববার বিকালে তাদের সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছেন।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত সরকারি কর্মচারীদের গ্রেপ্তার ও চাকুরিচ্যুত করার দাবি জানানো হয় ওই কর্মসূচি থেকে।

সংবাদপত্র সমন্বয় পরিষদের সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের,  সাংবাদিক আমিনুল হক চৌধুরী,  দৈনিক বাঁকখালীর নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, বিটিভির জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল, হকার সমিতির নেতা কামাল হোসেন, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের নেতা মোহাম্মদ ওমর প্রমুখ বক্তব্য দেন।

শনিবার দুপুরে কক্সবাজারে সরকারি কর্মচারী আবাসন প্রকল্পের সংবাদ সংগ্রহ করতে গেলে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী বৈশাখী টিভির জেলা প্রতিনিধি শফিউল্লাহ শফি,  তার সহকারী জসিম উদ্দিন ও দৈনিক সাঙ্গুর জেলা প্রতিনিধি জসীম উদ্দিন সিদ্দিকীর ওপর হামলা করে।