২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানের সক্রিয়তা চাইলেন রাষ্ট্রপতি

দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ বাড়াতে ভুটানকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 06:22 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রোববার দেখা করতে বঙ্গভবনে গেলে তাকে এই আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।”

পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবিদ্যুত প্রকল্প এবং যোগাযোগ ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতি এসময় ভুটানের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ আশা করেন।     

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভুটানের তৎকালীন রাজা জিগমে দর্জি ওয়াংচুক এবং সেদেশের জনগণের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল হামিদ।

বিজয়ের আগে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “এই স্বীকৃতি বাংলাদেশের মুক্তিযুদ্ধে উৎসাহ যুগিয়েছে।”

আবদুল হামিদ মুক্তিযুদ্ধের সময় ভারত-ভুটান সীমান্তে তার কাজের অভিজ্ঞতাও দেশটির নবীন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

রাষ্ট্রপতি ভুটানের রাজাকেও শুভেচ্ছা জানিয়ে তার এই বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

শেরিং তোবগে রাষ্ট্রপতিকে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে।

দুই দেশের মধ্যে সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী। 

জাতীয় স্মৃতিসৌধ এবং জাতীয় জাদুঘর দেখে তিনি ‘অভিভূত’ হয়েছেন বলেও জানান শেরিং তোবগে।

তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিকে তার দেশ সফরের আমন্ত্রণও জানান।

‘দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর হচ্ছে’

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দিন দিন ‘প্রশস্ত’ ও ‘গভীর’ হচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি বলেছেন, “আন্তর্জাতিক সম্প্রদয়ের সঙ্গে আমাদের (বাংলাদেশ) দ্বি-পক্ষীয় সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস, সরকারের রূপকল্প অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।”

রোববার ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৪ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৪ এর প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে আবদুল হামিদ এ কথা বলেন।

দুটি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “দ্রুত গতির উদ্ভাবনী ক্ষমতা, পরিবর্তন ও অগ্রগতির কারণে বর্তমান বিশ্ব আরও চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমি আশা করি, সবার জন্য ন্যায়বিচার ত্বরান্বিত করে দেশের সেবায় নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করবেন।”

কোর্সে অংশগ্রহণকারীরা শুভেচ্ছা দূত হিসেবে সহযোগিতার ক্ষেত্র প্রসারে নিজ নিজ দেশে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৪ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৪ তে বাংলাদেশের পাশাপশি আরও কয়েকটি দেশের সামরিক কর্মকর্তা অংশ নেন।