২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএসওতে ইউরোপের ‘আধিপত্য ভাঙলেন’ ক্যাপ্টেন মঈন

ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালক নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন মঈন আহমেদ আন্তঃরাষ্ট্রীয় এই সংস্থার নেতৃত্বে প্রথমবারের মতো পরিবর্তন আনতে সক্ষম হলেন বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 05:13 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, মহাপরিচালক পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে নৌবাহিনীর ক্যাপ্টেন মঈন আহমেদকে ২০১৩ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী অনুমোদন দেন।

“গত ৩২ বছর ইউরোপের প্রতিনিধিরাই এর মহাপরিচালক পদে নিয়োজিত ছিলেন। এবারই প্রথম ইউরোপের বাইরে বাংলাদেশের প্রতিনিধি মহাপরিচালক পদে নির্বাচিত হলেন।”

ক্যাপ্টেন মঈন আগামী বছর ১৫ এপ্রিল থেকে দায়িত্ব পালন শুরু করবেন বলে জানান মন্ত্রী।  

গত ২৫ থেকে ২৮ নভেম্বর লন্ডনে সংস্থার ২৩তম অধিবেশনে মহাপরিচালক পদের ভোটাভুটি হয়, যেখানে ক্যাপ্টেন মঈন আহমেদ ৯৯ সদস্য রাষ্ট্রের মধ্যে ৪৯ ভোট পেয়ে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

আইএমএসও'র কাজ হচ্ছে মোবাইল স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সাগর ও মহাসাগরে চলাচলকারী জাহাজের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ নেওয়া এবং যে কোনো দুর্যোগ মোকাবেলায় সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো।

গভীর সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং সুনির্দিষ্ট স্যাটেলাইটের নিরাপত্তা তদারকি করাও এ সংস্থার কাজের আওতায় রয়েছে।

বাংলাদেশ ১৯৯৩ সালে এ সংস্থার সদস্য হয়।

বাংলাদেশের শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ক্যাপ্টেন মঈন আহমেদ বর্তমানে লন্ডনে আন্তার্জাতিক নৌ সংস্থায় (আইএমও) লিয়েনে কর্মরত।